টটেনহামে উচ্ছ্বসিত ভিলাস-বোয়াস
গত মৌসুমে চেলসির দায়িত্ব নেওয়ার নয় মাসের মাথায় বরখাস্ত হন আন্দ্রে ভিলাস-বোয়াস। এবার লন্ডনেরই আরেক ক্লাব টটেনহাম হটস্পার তাঁর নতুন ঠিকানা। ২০১৫ পর্যন্ত ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি হয়েছে তাঁর গত পরশু। নতুন ক্লাবে এসে ভিলাস-বোয়াস উচ্ছ্বসিতই, ‘টটেনহাম দারুণ একটি ক্লাব। অসাধারণ ঐতিহ্য ও প্রচুর সমর্থক রয়েছে তাদের দেশে-বিদেশে। এ দলটির কোচ হতে পেরে আমি ধন্য। আমার জন্য প্রিমিয়ার লিগে কোচ হিসেবে এটি সবচেয়ে রোমাঞ্চকর কাজগুলোর একটি। এই দলকে নিয়ে যেকোনো কোচই কাজ করতে চাইবে। সামনের মৌসুমগুলোয় আমরা সফল হব বলেই বিশ্বাস।’ টটেনহামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভির বিশ্বাস ‘এভিবি’ই যোগ্যতম প্রার্থী, ‘আমি দারুণ আনন্দিত, আন্দ্রে আমাদের কোচ হতে সম্মত হয়েছেন। তার টেকনিক্যাল জ্ঞান সর্বজন সমাদৃত এবং তিনি জানেন কীভাবে একটা দল গড়ে তুলতে হয় যাদের খেলাটা হবে আক্রমণাত্মক ও আকর্ষণীয়।’ এদিকে সাবেক টটেনহাম ও ইংল্যান্ড ফুটবলার গ্লেন হডল মনে করেন ভিলাস-বোয়াসকে নিয়ে একটা জুয়াই খেলেছে উত্তর লন্ডনের ক্লাবটি। ওয়েবসাইট।