টটেনহামে ভিলাস-বোয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক সুখের হয়নি। চেলসিতে দুঃসহ একটা অধ্যায়ের পর স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয় তাঁকে। তবে আবারও নাটকীয়ভাবে ইপিএলে ফিরে আসছেন আন্দ্রেস ভিলাস-বোয়াস। না, চেলসির হয়ে নয়, এবার তাঁর ঠিকানা হতে যাচ্ছে লন্ডনেরই আরেক ক্লাব টটেনহাম। গতকালই হোয়াইট হার্ট লেনের এই ক্লাব অফিশিয়াল টুইটার বার্তায় খবরটা নিশ্চিত করেছে। সামনের মৌসুমে ভিলাস-বোয়াসই হতে যাচ্ছেন তাদের নতুন কোচ। টটেনহামের দীর্ঘ সময়ের কোচ হ্যারি রেডন্যাপ গত মাসে আকস্মিকভাবেই দলের দায়িত্ব ছেড়ে দেন। এর পর পোর্তোকে ইউরোপা লিগ জেতানো ভিলাস-বোয়াসই স্পারদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। গতকাল সেই রটনাটাই সত্যি হলো। গত মৌসুমে শেষ মুহূর্তের নাটকীয়তায় চ্যাম্পিয়নস লিগের টিকিট পায়নি টটেনহাম। এবার ভিলাস-বোয়াসের হাত ধরে সেটাই নিশ্চিত করতে চায় তারা। এএফপি।