টটেনহামের ডার্বি জয়
মিলান ডার্বির উত্তাপ ফুটবল-বিশ্বেরই গায়ে লাগে। এমন একটি ডার্বি এককালে ছিল ইংলিশ ফুটবলেও। আর্সেনাল-টটেনহামের উত্তর লন্ডন ডার্বি। টটেনহাম হটস্পারের সোনালি দিন অস্তে গিয়েছিল বলেই অনেক বছর এটা নিয়ে এত হইচই নেই। এবার আবার তা হলো। এমিরেটস স্টেডিয়ামে ১৭ বছর পর আর্সেনালকে হারিয়ে (৩-২) টটেনহাম বুঝিয়ে দিল উত্তর লন্ডন ডার্বি এবার খামোখাই উত্তেজনা ছড়ায়নি।টটেনহামের সাম্প্রতিক ফর্মের কারণেই উত্তর লন্ডন ডার্বি আলোচনায়। ম্যাচ শুরুর আগে উত্তেজনা আগুনে করে দেয় দুই ফরাসি আর্সেনালের সামির নাসরি ও টটেনহামের উইলিয়াম গালাসের পুরোনো বৈরিতা। ম্যাচ শুরুর আগে গালাসের সঙ্গে হাত মেলাননি নাসরি।ম্যাচের শুরুটা অবশ্য ছিল নাসরিরই। ৯ মিনিটেই ‘গানার’দের এগিয়ে দেন তিনি। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চামাক। তবে শেষ হাসিটা হাসেন আর্সেনাল ছাড়ার পর এই প্রথম এমিরেটসে পা রাখা গালাস। আর তাঁর মুখে হাসি এনেছেন ইউনেস কাবুল। শেষ বাঁশির ৫ মিনিট আগে জয়সূচক গোলটি করেছেন এই ডিফেন্ডার।তবে স্পারদের ম্যাচে ফিরিয়েছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের ‘কামানের গোলা’ গ্যারেথ বেল। ৫০ মিনিটে আর্সেনালের প্রথম গোলটি করেন তিনি। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেন ফন ডার ভার্ট। টটেনহাম পেনাল্টি পেয়েছে সেস ফ্যাব্রিগাসের ভুলে। বেলের বল ঠেকাতে গিয়ে হাত ব্যবহার করে ফেলেছিলেন স্প্যানিশ প্লে-মেকার। এমন ফিরে আসার গল্প টটেনহামের এই প্রথম নয়। এর আগে চ্যাম্পিয়নস লিগে ইন্টারের বিপক্ষে ৪-০ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ৩ গোল ফিরিয়ে দিয়েছিল তারা। যদিও সেই ম্যাচেও পরাজয়ই হয়েছিল ‘স্পার’দের নিয়তি। কাল হেরেছে চেলসিও। বার্মিংহামের বিপক্ষে চেলসির পরাজয়টি ১-০ গোলে। তবে এভরা ও হার্নান্দেজের গোলে উইগানের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ ম্যাচ শেষে দুই দলের পয়েন্টও এখন সমান, ২৮। এএফপি।