টটেনহামের দুর্দশা চলছেই
মাঝসমুদ্রে টালমাটাল নৌকা আর কত দূরই বা যেতে পারে! টটেনহাম এখন আসলে মাঝিবিহীন নৌকা। কদিন আগেই ছাঁটাই হয়েছেন কোচ আন্দ্রে ভিলাস বোয়াস। ঠেকা কাজ চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন কোচ টিম শেরউড। পরশু কোচহীন টটেনহামের দুর্দশা আরেকটু বাড়ল। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট হামের কাছে স্পাররা নিজেদের মাঠে হেরেছে ২-১ গোলে। স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে চলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিতে অবশ্য নগরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে হবে না, ইউনাইটেডের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। আর ম্যানচেস্টার সিটির পরীক্ষা নেবে ওয়েস্টহাম। ৬ জানুয়ারি প্রথম লেগ, দ্বিতীয় লেগ ১৪ দিন পর।
হোয়াইট হার্ট লেনে পরশু এগিয়ে গিয়েছিল টটেনহামই। ৬৭ মিনিটে ইমানুয়েল আদেবায়োরের গোলে সেমিফাইনাল দেখতে পাচ্ছিল স্পাররা। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় ওয়েস্ট হাম। ৮০ মিনিটে ম্যাট জার্ভিসের গোলে সমতা ফেরায়। পাঁচ মিনিট পর মদিবো মাইগার গোলে নিশ্চিত করে জয়।
ইউনাইটেড-স্টোক ম্যাচটা যে ভালোয় ভালোয় শেষ হতে পারাটাই অনেক। ব্রিটানিয়া স্টেডিয়ামে শিলাবৃষ্টি শুরু হওয়ায় প্রথমার্ধে খেলা বন্ধ করতে বাধ্য হন রেফারি। ৯ মিনিট পর আবার শুরু হয় খেলা। স্টোককে হারাতে অবশ্য বেগ পেতে হয়নি ফন পার্সি-রুনিবিহীন ইউনাইটেডকে। ৬২ মিনিটে অ্যাশলি ইয়াংয়ের গোলে এগিয়ে যায় ডেভিড ময়েসের দল। ৭৮ মিনিটে প্যাট্রিস এভরার গোলে মোটামুটি নিশ্চিত হয়ে যায় জয়। ম্যাচটা কেমন ছিল সেটা বোঝা যাবে ময়েসের কথাতেই, ‘খেলাটা কঠিন ছিল। আমরা খুব বেশি সুযোগ পাইনি। আমার মনে হয় স্টোকও পায়নি।’ এএফপি।