টটেনহ্যামেই আদেবয়ের
গত মৌসুমেই টটেনহ্যামে খেলা শুরু করেছিলেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার ইমানুয়েল আদেবয়ের। সেবার ধারে খেলা আদেবয়ের এবার পাকাপাকিভাবে টোটেনহামে খেলবেন। সম্প্রতি গতবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি থেকে তাঁর টটেনহ্যামে যোগদানের খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই ইংলিশ ক্লাব। গত মৌসুমে টটেনহ্যামের পক্ষে ১৮টি গোল করেছিলেন আদেবয়ের। তাঁরও ইচ্ছা ছিল টটেনহ্যামেই থেকে যাওয়ার। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আবার তাঁকে ফিরে যেতে হয়েছিল ম্যানচেস্টার সিটির অনুশীলনে। শেষ পর্যন্ত দুই ক্লাবের মধ্যে নতুন একটি চুক্তির ফলে এখন পাকাপাকিভাবে টটেনহ্যামের জার্সি গায়ে দেখা যাবে ২৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে। টুইটারের মাধ্যমে নিজের প্রত্যাবর্তনের খবরটা জানিয়েছেন আদেবয়েরও। টটেনহ্যাম-সমর্থকদের আরও গোল এনে দেওয়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, ‘আমি ফিরেছি! টটেনহ্যাম, আমি আসছি! আমি গোলের জন্য মুখিয়ে আছি। সবাই প্রস্তুত থাকো।’গত মৌসুমে টটেনহ্যামের চতুর্থ অবস্থানে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করাটা সাফল্য হিসেবেই বিবেচনা করেছেন অনেকে। আর ১৮টি গোল করে এই সাফল্যের পেছনে বড় অবদান রেখেছিলেন আদেবয়ের। এবার নতুন মৌসুমে আরও ওপরে ওঠার দিকেই দৃষ্টি টোগোর এই তারকা স্ট্রাইকারের। তিনি বলেছেন, ‘এখানে আসতে আমার একটু বেশি সময় লাগলেও শেষ পর্যন্ত টটেনহ্যামে ফিরতে পেরে আমি খুবই খুশি। গত মৌসুমটা আমি খুবই উপভোগ করেছি। আর আশা করছি, এবার আমরা একসঙ্গে আরও বড় সাফল্য অর্জন করতে পারব।’ গোল ডটকম।