টট্টি এখন তিনে
আরেকটি গোল করলেন ফ্রান্সেসকো টট্টি, উঠলেন আরেক ধাপ ওপরে। পরশু জেনোয়ার বিপক্ষে এক গোল করেই সিরি ‘আ’র সর্বকালের সেরা গোলদাতাদের তালিকার তিনে উঠে এসেছেন রোমার প্রতীক হয়ে যাওয়া টট্টি। সিরি ‘আ’তে নিজের ২১৭তম গোলটি করে সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড পেছনে ফেলেছেন জিউসেপ্পে মিয়াৎসা ও হোসে আলতাফিনিকে। গত মাসের ২৬ তারিখে সাম্পদোরিয়ার বিপক্ষে এক গোল করে এই দুজনকে ছুঁয়েছিলেন টট্টি। ২১৭ গোল করতে ৫০৮টি ম্যাচ খেলতে হয়েছে রোমার অধিনায়ককে। এই ২১৭ গোলের সবগুলোই রোমার হয়ে করেছেন টট্টি। ১৯৯২ সালে সিরি ‘আ’তে অভিষেকের পর থেকেই রোমা ছাড়া অন্য কোথাও যে খেলেননি ‘রোমের সম্রাট’।দ্বিতীয় স্থানটাও এখন নাগালের মধ্যে টট্টির। আর ৯টি গোল হলেই হয়। এখন দুইয়ে আছেন এসি মিলান ও রোমার সাবেক খেলোয়াড় গানার নরডাল, ১৯৪৯ থেকে ১৯৫৮ সালের মধ্যে সিরি ‘আ’তে এই সুইডিশ করেছিলেন ২২৫ গোল। ২৯০ গোল করে সবার ওপরে সিলভিও পিওলা। ১৯২৯ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পাঁচটি ইতালিয়ান ক্লাবের (প্রো ভারসেল্লি, লাৎসিও, তুরিনো, জুভেন্টাস ও নোভারা) হয়ে এতগুলো গোল করেছিলেন ইতালিয়ান স্ট্রাইকার। পরশু টট্টির মাইলফলক ছোঁয়ার আনন্দটা দ্বিগুণ হয়েছে পিছিয়ে পড়েও দল জেতায়। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল জেনোয়া। ২৭ মিনিটে রোমার প্রথম গোলটি করেছেন ৩৬ বছর বয়সী প্লে-মেকারই। অধিনায়কের ইতিহাস গড়ার সাক্ষী হয়েই কিনা উজ্জীবিত স্ট্রাইকার পাবলো দানিয়েল অসভালদো বিরতির আগে-পরে করে বসলেন ২ গোল। এরপর ৮৩ মিনিটে আর্জেন্টাইন এরিক লামেলা ব্যবধানটাকে ৪-২ করেন। এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠেছে রোমা। এএফপি। সিরি ‘আ’র সেরা পাঁচ গোলদাতা১. সিলভিও পিওলা ২৯০ গোল২. গানার নরডাল ২২৫ ,,৩. ফ্রান্সেসকো টট্টি ২১৭ ,,৪. জিওসেপ্পে মিয়াৎসা ২১৬ ,, হোসে আলতাফিনি ২১৬ ,,