টট্টি, ফেদেরার ও পান্ডা
ফ্রান্সেসকো টট্টি থাকতে চাইছেন। এএস রোমাও চাইছে রোমের ক্লাবেই থেকে যান টট্টি, তবে খেলোয়াড় হিসেবে নন, কর্মকর্তা হিসেবে। ইতালিয়ান ক্লাবটির যুক্তি—বয়স তো হয়ে গেছে টট্টির, এবার থামা দরকার। আর এই যুক্তিটাই পছন্দ হচ্ছে না রজার ফেদেরারের। টেনিস কিংবদন্তির মতে, টট্টি ও তাঁর মতো খেলোয়াড়েরা যত বেশি খেলবেন, ততই ভালো। কর্তৃপক্ষের উচিত পান্ডা সংরক্ষণের মতো তাঁদেরও আগলে রাখা।
ফেদেরারের নিজের বয়সও হয়ে গেছে ৩৪। ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক সর্বশেষ কবে গ্র্যান্ড স্লাম জিতেছেন, সেটা এখন কুইজের প্রশ্ন হয়ে গেছে। এটা মনে করিয়ে দিয়েই পরশু ইতালির একটি পত্রিকা মজা করেই ফেদেরারকে প্রশ্ন করে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড যেভাবে বিলুপ্তপ্রায় পান্ডা রক্ষায় কাজ করে, তাঁদের ক্যারিয়ারও সেভাবে বাঁচানো উচিত কি না।
পরশু ফেদেরারও উত্তর দিয়েছেন মজা করেই, ‘ভালো কৌতুক। তবে এর মধ্যে কিছুটা সত্যিই আছে। একভাবে দেখলে তো আমরা ভিন্ন প্রজাতিরই। ফ্রান্সেসকো ও আমি আমাদের খেলাগুলোর প্রতিনিধিত্ব করি। সে ফুটবলের যা করেছে, সেটা অতুলনীয়।’ এএফপি।