টট্টিদের জন্য দরজা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিজারে প্রানদেল্লি
সিজারে প্রানদেল্লি

বিশ্বকাপের দল ঘোষণা করবেন আগামী মাসের প্রথম সপ্তাহে। তবে কেমন দল নিয়ে ব্রাজিলে যাবেন, তার একটা ছবি এখনই এঁকে দিলেন সিজারে প্রানদেল্লি। পঞ্চম বিশ্বকাপ শিরোপা আসবে কি আসবে না সেটি পরের বিষয়। তবে শৃঙ্খলার ব্যাপারে সদা আপসহীন ইতালি কোচ বললেন, তারুণ্যনির্ভর তাঁর দলের প্রতিটি খেলোয়াড়কেই হতে হবে সুশৃঙ্খল ও বিনয়ী।
ইতালি কোচ স্পষ্ট করে দিয়েছেন আরেকটি কঠিন সত্যও। ফ্রান্সেসকো টট্টি, লুকা টনি, আন্তোনিও ডি নাতালের মতো বয়সী খেলোয়াড়েরা তাঁর বিশ্বকাপ পরিকল্পনায় নেই! চলতি মৌসুমে এই তিনজনই আছেন দুর্দান্ত ফর্মে। লিগে রোমা যে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, এর পেছনে ৩৭ বছর বয়সী অধিনায়ক টট্টির বড় ভূমিকা। হেল্লাস ভেরোনার ৩৬ বছর বয়সী স্ট্রাইকার লুকা টনি তো লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতাই। উদিনেসের হয়ে ৩৬ বছর বয়সী নাতালের সময়টাও যাচ্ছে ভালো।
তিনজনই স্বপ্ন দেখেছিলেন ব্রাজিলেই শেষবারের মতো বিশ্বকাপ খেলবেন। কিন্তু প্রানদেল্লি দল ঘোষণার আগেই ভেঙে দিলেন তাঁদের স্বপ্ন, ‘এই খেলোয়াড়দের প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে। কেন তারা সেখানে যেতে পারবে না, সেটা ব্যাখ্যার দাবি রাখে। কিন্তু জরুরি অবস্থায় পড়লেই শুধু ডাকা হবে তাদের।’ ইঙ্গিতটা পরিষ্কার, দল ঘোষণার পর কেউ চোট পেয়ে ছিটকে পড়লেই কেবল টট্টি, টনি, নাতালেদের বিবেচনা করা হবে। নচেৎ নয়।
তবে হাঁটুর চোট নিয়ে জানুয়ারি থেকে মাঠের বাইরে থাকা জিউসেপ্পে রসির ব্যাপারে চূড়ান্ত কিছু বলেননি প্রানদেল্লি। ফিওরেন্টিনার স্ট্রাইকারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ফিটনেস পরীক্ষার পর। তবে টট্টি-টনিরা যে পরিকল্পনায় নেই, প্রানদেল্লি সেটা বুঝিয়ে দিয়েছেন অন্যভাবেও। বিশ্বকাপের জন্য সম্ভাব্য ৪২ জনের ফিটনেস ক্যাম্পে টট্টি-টনি-নাটালেদের ডাকেননি। তবে ‘ব্যাডবয়’ আন্তোনিও কাসানো আছেন।
ফ্লোরেন্সে ইতালি জাতীয় দলের সদর দপ্তরের বাইরের ওই ফিটনেস ক্যাম্পেই প্রানদেল্লি হুঁশিয়ার করে দিয়েছেন—আচরণ শুধরাও। ‘আজ সকালে আমি খেলোয়াড়দের নিয়ে বসেছিলাম। তাদের মনে করিয়ে দিয়েছি, শেষ মাসে (বিশ্বকাপের আগে) আচরণবিধিই হবে বড়। যারা বিশৃঙ্খলা করবে, তারা দেশে থাকবে’—বলেছেন প্রানদেল্লি। এএফপি, ওয়েবসাইট।