টট্টির ইতিহাস ছোঁয়ার দিন
৬ বছরের শানেল ও ৮ বছরের ক্রিস্টিয়ানের যেন তর সইছিল না। ম্যাচটা কখন শেষ হবে, কখন বাবা তাদের কোলে তুলে নেবে! খানিকটা অসুস্থ ছিল দুজনই। তা সত্ত্বেও তারা মাঠে হাজির, ভাবনা ছিল বাবা একটু অবাকই হবে দেখে। শেষ বাঁশি বাজার পরই আর রোখে কে, এক ছুটে দুজনই বাবার কোলে। বাবাকে উপহার দিতে সঙ্গে এনেছিল একটি টি-শার্ট, তাতে লেখা, ‘তুমিই সেরা বাবা।’ এক হাতে চাঁদ আর আরেক হাতে সূর্য। তার ওপর একটা অপ্রত্যাশিত উপহার। ইতিহাস গড়ার দিনে ফ্রান্সেসকো টট্টি যেন ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ!নিজের ক্লাব রোমায় তিনি জীবন্ত কিংবদন্তি। পুরো ক্যারিয়ারই এই ক্লাবে কাটিয়ে দিয়েছেন প্রশ্নাতীত আনুগত্যে, ক্লাবে খেলার জন্য এমনকি জাতীয় দলকেও বিদায় জানাতে দ্বিধা করেননি। রোমার ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় ছুঁয়ে ফেললেন আরেকটি মাইলফলকও। জেনোয়ার বিপক্ষে গোল করে টট্টি এখন গারনার নরডালের সঙ্গে একই সমতলে। ২২৫ গোল নিয়ে সিরি ‘আ’র ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তাঁকে হাতছানি দিচ্ছে সিলভিও পিওলার ২৭৪ গোলের রেকর্ড।পিওলাকে ছুঁতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে, তবে এই বয়সেও গোলক্ষুধাটা যে কমেনি সেটাই দেখিয়েই যাচ্ছেন। কদিন আগেই জুভেন্টাসকে হকচকিয়ে ২৫ মিটার দূর থেকে করেছেন দুর্দান্ত একটা গোল। চলতি সিরি ‘আ’তে গোল এখন ১০টি। গত পরশুর গোলটা অবশ্য পেনাল্টি থেকে, তবে ৩-১ গোলের জয়ে অন্য ২ গোলেও ছিল তাঁর অবদান। মজা করে বলেছেন, পিওলাকে ছাড়িয়ে গেলেই হয়তো বুটজোড়া তুলে রাখবেন, ‘এটা করলে আমি অবসর নিয়ে নেব, তবে এ নিয়ে আবার বাজি ধরতে যাবেন না যেন।’ রোমা কোচ অরেলিও আন্দ্রিয়াজ্জলিও টট্টি-প্রশস্তিতে মুখর, ‘আমি ভাগ্যবান গত কয়েক বছরে ওর বেশি কিছু গোল সরাসরি দেখতে পেয়েছি।’এই জয়ের পরও সিরি ‘আ’তে সাতে রোমা, চ্যাম্পিয়নস লিগ খেলতে হলে থাকতে হবে তিনে। তিনে থাকা মিলানের সঙ্গে ব্যবধান অবশ্য ৫ পয়েন্টের। টট্টি চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়াটাকেই করেছেন পাখির চোখ, ‘আমি আত্মবিশ্বাসী, আমরা তিনে থাকতে পারব। চ্যাম্পিয়নস লিগে খেলাটাই আমার কাছে সব।’না, ভুল বললেন। চ্যাম্পিয়নস লিগে খেলাই আসল নয়। দুই সন্তান রয়েছে তাঁর হূদয়জুড়ে। তাই ওদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেয়ে আবেগাপ্লুত রোমার ‘সম্রাট’, ‘আমি আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। তারা মাঠে এসেছে এটাও আমি জানতাম না, কারণ দুজনই সপ্তাহজুড়ে অসুস্থ ছিল। আমার কাছে এটা দারুণ একটা ব্যাপার। মুহূর্তটাকে কখনোই ভুলব না।’ ওয়েবসাইট।