টট্টির বিস্ময়-গোল
বলা হয়, তিনি যতটা না ইতালির, তার চেয়েও বেশি রোমার। শুধু ক্লাবের হয়ে খেলবেন বলে যতি টেনে দিয়েছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারেরও। এই ৩৬ বছর বয়সেও হয়ে আছেন দলের প্রাণভোমরা। গত পরশু রোমা ১-০-তে জুভেন্টাসকে হারাল তো তাঁর অসাধারণ গোলেই।গোল তো করেছেনই, কিন্তু যেভাবে করেছেন সেটা মনে করিয়ে দিয়েছে সেই পুরোনো টট্টিকে। ২৫ মিটার দূর থেকে নেওয়া গোলার মতো শটটা কোনো গোলরক্ষক ঠেকাতে পারতেন কিনা সন্দেহ! পারেননি সর্বকালের অন্যতম সেরা জুভেন্টাসের জিয়ানলুইজি বুফনও।দুই সপ্তাহ আগেই রোমা থেকে বিদায় নিতে হয়েছে জেনেক জেমানকে। অন্তর্বর্তীকালীন কোচ অরেলিও আন্দ্রেয়াজ্জলির প্রথম জয় তো বটেই, বছরেই প্রথম জয় এটা রোমার। কিন্তু সেটিও এল শীর্ষে থাকা জুভেন্টাসের বিপক্ষে। টট্টির কাছে জয়টা প্রত্যাশিতই ছিল, ‘আমি এটাই আশা করেছিলাম। এই দলটি এমনই যে যখনই তারা মাঠে নামে, সেরাটা দেওয়ার চেষ্টা করে। যদিও সম্প্রতি আমরা করে দেখাতে পারিনি।’ মজার ব্যাপার হলো, গোলে টট্টির শট এই একটাই। ২২৪ গোল নিয়ে এ স্ট্রাইকার এখন সিরি ‘আ’র তৃতীয় সর্বোচ্চ গোলদাতা, আর একটি গোলেই ছুঁয়ে ফেলবেন দ্বিতীয় সর্বোচ্চ গারনার নরডালকে। টট্টি অবশ্য ভাগ্যবান, পুরো ম্যাচটা যে খেলতে পেরেছেন। প্রথমার্ধে জুভেন্টাসের প্লে-মেকার আন্দ্রেয়া পিরলোকে জঘন্য একটা ট্যাকল করে লাল কার্ডও দেখতে পারতেন। জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তে অবশ্য পরাজয়ের জন্য দায়ী করেছেন ক্লান্তিকে। চ্যাম্পিয়নস লিগে সেল্টিককে ৩-০ গোলে হারিয়ে আসার তিন দিনের মাথায় নামতে হয়েছে মাঠে। কন্তের দাবিটা অমূলক নয়। তবে রোমার জয়ে আসল সুবিধাটা নিতে পারে দ্বিতীয় স্থানে থাকা নাপোলি। গতকাল সাম্পদোরিয়া-নাপোলি ম্যাচ ড্র হওয়ায় জুভেন্টাসের সঙ্গে নাপোলির পয়েন্টের ব্যবধান এখন চার। এএফপি, রয়টার্স।