টপ অর্ডারের চেয়ে লেজই ভালো!

অ্যালান বোর্ডারের নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ক্রমেই হয়ে উঠেছিল অজেয় এক শক্তি। সেই স্বর্ণালি সময়ের উজ্জ্বল তারকাদের একজন গ্লেন ম্যাকগ্রা। অ্যাশেজের প্রথম দুই টেস্টে পরাজয় রক্ত ঝরাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুই যুগের দুই মহানায়কের বুকে
জেমস প্যাটিনসনের চোট বড় একটা ধাক্কা হয়েই আসার কথা অস্ট্রেলিয়ার জন্য। পেসার প্যাটিনসনের বিকল্প না হয় মিলবে, কিন্তু ব্যাটসম্যান প্যাটিনসন?
মজা করেই এমন বলা, তবে সেই ‘মজা’তে বড় একটা সত্যিও লুকিয়ে। প্রথম দুই টেস্টে প্যাটিনসনসহ অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারের ব্যাটিং দেখে ধারাভাষ্যকারেরাই তো কতবার বললেন, শেখা উচিত টপ অর্ডারদের! এমন ভাবছেন অ্যালান বোর্ডারও। এমনিতে খুব খোলামেলা সমালোচনার ধাত নেই বোর্ডারের। কিন্তু অ্যাশেজে ক্লার্কদের ব্যাটিং দেখে এমনই ক্ষুব্ধ যে, অস্ট্রেলিয়ান ক্রিকেটের পুনর্জাগরণের নায়কও বলে ফেলছেন—অস্ট্রেলিয়ার টপ অর্ডারের চেয়ে তো লেজই ভালো!
প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান অ্যাশটন অ্যাগারের ১৩০। দলের মোট রানের ৩১ শতাংশই এসেছে শেষ জুটি থেকে। শুধু এই অ্যাশেজেই নয়, এ বছর অস্ট্রেলিয়ার সবচেয়ে ভালো ব্যাটিং গড় শেষ জুটিরই! দলের ব্যাটসম্যানদের চোখের সামনে ‘লজ্জা’ হয়ে উড়ছে এসব পরিসংখ্যান। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বোর্ডার লিখেছেন, ‘এই মুহূর্তে আমাদের মূল দুশ্চিন্তা ব্যাটিং অর্ডারের শীর্ষ ছয়। সত্যি বললে আমাদের এক, দুই ও তিন নম্বর ব্যাটসম্যানের চেয়ে নয়, দশ ও ‘জ্যাক’কে মনে হয়েছে অনেক বেশি দক্ষ। আমি শীর্ষ তিনের একজন হলে যথেষ্টই বিব্রত হতাম।’
দলে ঢালাও পরিবর্তনের পক্ষে অবশ্য তিনি নন, ‘আমাদের উচিত সেরা একাদশ ঠিক করা এবং সেটাই ধরে রাখা। কাউকে বাছাই করা এবং তার ওপর আস্থা রাখার নীতিতে বিশ্বাসী আমি। আমাদের তাই এই কন্ডিশনের উপযোগী একাদশ খুঁজে বের করতে হবে এবং তাদের ওপরই আস্থা রাখতে হবে।’
এই সেরা একাদশে শেন ওয়াটসনের জায়গা হওয়া উচিত কি না, সেই বিতর্ক জোরালো হচ্ছে দিন দিন। রান না পাওয়ার চেয়েও বেশি চোখে লাগছে বারবার একইভাবে আউট হওয়া। চার ইনিংসে তিনবারই এলবিডব্লু হয়েছেন ভেতরে ঢোকা বলে। একই ভুলের বৃত্তে ওয়াটসনকে ঘুরপাক খেতে দেখে রীতিমতো বিস্মিত বোর্ডার, ‘আমরা সবাই জানি, শেন ওয়াটসন কেমন দুর্দান্ত ক্রিকেটার। জ্বলে উঠলে ওকে মনে হয় অসাধারণ। দুশ্চিন্তা হলো যে, সে বারবার একইভাবে আউট হচ্ছে। প্রশ্ন হলো, দায়টা কার? মানিয়ে নিতে না পারায় দায়টা কি ওয়াটসনের? কোচরা কী করছেন? এই যুগে যেখানে কোচ, মনোবিশ্লেষক, পুষ্টিবিদ এবং ক্রীড়াবিজ্ঞানীর ছড়াছড়ি, সেখানে একজন ক্রিকেটারের বারবার একই ভুল বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি জানি না ব্যাপারটা টেকনিক্যাল, না মানসিক।’
রেকর্ড ৯৩ টেস্টে নেতৃত্ব দেওয়া বোর্ডারের শঙ্কা, ওয়াটসনের ক্যারিয়ারটাই না পথ হারিয়ে ফেলে, ‘শেন কি কথা শুনছে না, নাকি আশপাশের লোকেরা বলছে, ‘‘ভাগ্য খারাপ, বল ভালো ছিল?’’ আমাদের খুঁজে বের করতে হবে, কী করলে শেনের জন্য সবচেয়ে ভালো হবে। ওপেন করানো, নাকি ছয়ে নামিয়ে সত্যিকার অলরাউন্ডার হিসেবে গড়ে তোলা? যেটাই হোক, সেটা খুঁজে বের করতে হবে দ্রুত। না হলে শেনের সময় আসবে আর চলে যাবে, আমরা ওর সেরাটা দেখতে পাব না।’
ওয়াটসনের আউট নিয়ে কথা বলতে হয়েছে কোচ ড্যারেন লেম্যানকেও, ‘এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। সত্যি বলতে, অ্যান্ডারসনের বলটা ছিল দারুণ (দ্বিতীয় ইনিংসে)। লেংথে পড়ে ভেতরে ঢুকেছে। প্রথম ইনিংসে সে প্যাডের আড়াআড়ি খেলেছে কিন্তু দ্বিতীয় ইনিংসে আমার মনে হয় ভালোই খেলেছে।’
কখনো নিজের ভুলে, কখনো বা বোলারের কৃতিত্বে আউট হয়ে থাকতে পারেন; তবে শেষ পর্যন্ত সত্যি হলো, লর্ডসের দুই ইনিংসে ওয়াটসনের রান ৩০ ও ২০। তাঁর কাছে অস্ট্রেলিয়ার চাওয়া তো আরও অনেক গুণ বেশি। এএফপি, ওয়েবসাইট।