টপ অর্ডারের দায়িত্ব নেওয়া উচিত ছিল
স্ত্রী অসুস্থ। কাল সারা দিনই কেটেছে আইসিইউর সামনে। হাসপাতালের তৃতীয় তলায় আইসিইউ। দোতলায় টেলিভিশন আছে, সেখানে মাঝেমধ্যে গিয়ে স্কোর দেখেছি। একবার গিয়ে দেখি ১৫ রানে ২ উইকেট, একটু পর আবার গিয়ে দেখি ৩৬ রানে ৪ উইকেট!বাংলাদেশ ভালো ব্যাটিং করেনি বুঝতে পারছি। তবে খেলায় কী হয়েছে না-হয়েছে, সেভাবে দেখতে পারিনি। আশপাশের লোকজন নানা কথা বলছিল। সেসব শুনে বুঝতে পারছিলাম মাঠের খবর ভালো নয়। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন নিভে যাচ্ছে। ব্যক্তিগত সমস্যার মধ্যেও লোকজনের অনেক রকম মন্তব্য শুনতে হয়েছে খেলা নিয়ে। এসব শুনতে তো একটু খারাপ লাগেই।ম্যাচ যতটুকুই দেখেছি, খেলোয়াড়দের শরীরী ভাষায় কিন্তু মনে হয়নি তারা চাপে আছে। তবে প্রথম ম্যাচ বাদ দিলে ব্যাটিংয়ে পুরো টুর্নামেন্টেই চাপে ভুগেছি আমরা। প্রথম ম্যাচেও ব্যাটিং ভালো হয়েছিল তামিম-সাকিব ভালো করেছিল বলে। নইলে ভারতের বিপক্ষে ম্যাচেও একই অবস্থা হতে পারত। সব মিলিয়ে বিশ্বকাপে ব্যাটিংটাই আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।হ্যাঁ, কোনো কোনো ম্যাচে সাকিব-তামিম ছাড়াও আমরা ভালো করেছি। মাহমুদউল্লাহ-শফিউল ম্যাচ জিতিয়েছে। কিন্তু মাহমুদউল্লাহ তো সাত নম্বর ব্যাটসম্যান! ম্যাচ জেতার জন্য যখন ৫০-৬০-৭০ রান থাকবে, তখন আপনি ওর কাছে কিছু চাইতে পারেন। ১৫০-২০০ রান থাকতেও সাত নম্বর ব্যাটসম্যান এসে ম্যাচ জেতাবে, সেটা ভাবা যায় না। ম্যাচ ক্লোজ হলেই কেবল এই পজিশনের ব্যাটসম্যান খেলা বের করে আনতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে সেটাই হয়েছিল এবং শফিউলও খুব ভালো সমর্থন দিয়েছিল। বলতে পারেন, ও-ই কয়েকটা চার মেরে ম্যাচটা জিতিয়েছিল। কিন্তু সাত-আট নম্বর ব্যাটসম্যানের দিকে তাকিয়ে থেকে তো জীবনেও ২৮৪ রান টপকানো সম্ভব নয়। সেটির জন্য টপ-মিডল অর্ডার থেকে কয়েকটা ভালো ইনিংস দরকার। শেষের দিকে পিটারসনের বোলিং দেখছিলাম। উইকেট তখন যে রকম দেখলাম, মনে হলো টপ অর্ডারেরই কাল রান করে দেওয়া উচিত ছিল। আমার মনে হয় না, সাত-আট নম্বর এসে কিছু করতে পারত। টপ অর্ডারেরই বড় দায়িত্ব ছিল।বাংলাদেশ ৭৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকা কত করল, সেটা আর বিবেচ্য থাকে না। তার পরও হয়তো অনেকে বলবেন, দক্ষিণ আফ্রিকার রানটা বেশি হয়ে গেছে, পেসাররা ভালো বল করেনি ইত্যাদি ইত্যাদি। কিন্তু খেয়াল করলে দেখবেন, বড় ম্যাচগুলোতে আমাদের পেসাররা কখনোই ভালো বল করেনি। আয়ারল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষেই যা একটু ভালো বোলিং হয়েছে। তা ছাড়া আমাদের কন্ডিশনও তো স্পিনারদের জন্য।ছয় ম্যাচ খেলে তিনটিতে জয়, তিনটি পরাজয়। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ভালো-খারাপের মধ্য দিয়েই গেছে। ২০৫ রান করেও আমরা অবিশ্বাস্য ম্যাচ জিতেছি। ৫৮ রানের একটা জুটির সৌজন্যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতাটাও কল্পনার বাইরে ছিল। কাজেই বিশ্বকাপটা ভালো-মন্দ মিলিয়েই কাটল আমাদের। দুটো ম্যাচে খুব বেশি খারাপ করে ফেললেও হতাশায় ভেঙে পড়লে যেমন হবে না, সাফল্যের কথাও বলা যাবে না বড় গলায়।