টমসনের আগুনের গোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেটের শুরুর দিকে ক্রিকেট-জগতের সবচেয়ে বিধ্বংসী বোলিং জুটি হিসেবে গণ্য করা হতো দুই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার—ডেনিস লিলি ও জেফ টমসনকে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড তাঁর দেখা সবচেয়ে দ্রুতগতির বোলারের নাম বলতে গিয়ে বলেছেন টমসনের কথা। ১৫০ কিলোমিটার বেগে টমসন যে বলগুলো ছুড়তেন, সেগুলোকে বুলেট গতিতে ছুটে যাওয়া একেকটা আগুনের গোলার সঙ্গেও তুলনা করা যায় অনায়াসে। আর সে আমলে তো এখনকার মতো সুরক্ষা ব্যাটসম্যানদের ছিল না। হেলমেট, আর্ম গার্ড ইত্যাদি ছাড়া এই বিধ্বংসী বোলারের মুখোমুখি হয়ে অনেকেই শুধু যে নিজের উইকেট খুইয়েছেন তা নয়, ব্যথায়ও জর্জরিত হয়েছে তাঁদের শরীর। এ ধরনেরই একটা ঘটনা ঘটেছিল প্রথম বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার তৃতীয় ম্যাচটিতে। টমসনের গোলার আঘাতে আহত হয়ে রীতিমতো হাসপাতালে যেতে হয়েছিল দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান— সিদ্ধার্থ ওয়েটেমুনি ও দীলিপ মেন্ডিসকে।সে সময় শ্রীলঙ্কা টেস্ট খেলে না। টেস্ট পরিবারের বাইরের সেরা দল হিসেবে প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল এই শ্রীলঙ্কা। সময়টা ছিল তাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ারও সাত বছর আগের। অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো ম্যাচ খেলারও অভিজ্ঞতা ছিল না লঙ্কানদের। সে হিসেবে জেফ টমসন ও ডেনিস লিলির বোলিংয়ের ব্যাপারেও তাঁদের কোনো পূর্ব ধারণা ছিল না। বিশ্বকাপে তাঁদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে তাঁরা হারে ৯ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডি রবার্টস, বার্নার্ড জুলিয়েন, কেইথ বোয়েসদের সামনে তাঁরা গুটিয়ে যায় মাত্র ৮৬ রানে। এই ম্যাচটাও তাঁদের হারের ব্যবধান নয় উইকেট। তৃতীয় ম্যাচে এবার আর প্রথমে ব্যাট করতে নামতে হয়নি শ্রীলঙ্কাকে। টসে জিতে প্রথমে বল করাটাকেই সুবিধাজনক মনে করেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক আনুরা টেন্নেকুন। অ্যালান টার্নারের সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কাকে ৩২৯ রানের (৬০ ওভারে) লক্ষ্য বেঁধে দেয় অস্ট্রেলিয়া।প্রথম দুই ম্যাচের মতো এবার আর অতটা হুড়মুড়িয়ে ভেঙে পড়লেন না লঙ্কান ব্যাটসম্যানরা। বেশ ভালোই লড়তে লাগলেন লিলি-টমসনদের বিধ্বংসী বোলিংয়ের সামনে। ৩২ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে তাঁরা সংগ্রহ করেছিলেন ১৫০ রান। কিন্তু তারপর যেন একেবারে রুদ্রমূর্তি ধারণ করলেন জেফ টমসন। দ্বিতীয় স্পেলে বল করতে এসে যেন আগুন ঝরাতে লাগলেন ওভালের বাউন্সি উইকেটে। ৩২ রান করে ওই গোলার আঘাতে একেবারে হাসপাতালে চলে যেতে হয় মেন্ডিসকে। অপরপ্রান্তে দাঁড়ানো ওয়েট্টিমুনির মানসিক অবস্থাটা তখন কেমন ছিল, তা খুব সহজেই অনুমান করা যায়। কিন্তু ৫২ রান করে তখনো বেশ ভালোই লড়ে যাচ্ছিলেন তিনি। বেশ কয়েকবার তাঁর গায়ে বল লাগলেও হার মানেননি। কিছুক্ষণ সেবা-শুশ্রূষার পর আবার ব্যাট হাতে দাঁড়িয়েছেন উইকেটে। এতেই যেন বলের গতি আরও বাড়িয়ে দিলেন টমসন। কিছুক্ষণ পরে আর শেষ রক্ষা করতে পারলেন না ওয়েট্টিমুনি। মাথায় গুরুতর আঘাত পেয়ে মেন্ডিসের পিছু পিছু তাঁকেও যেতে হলো হাসপাতালে। তবে তার আগে তিনি পূর্ণ করতে পেরেছিলেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতকটি।ওয়েট্টিমুনি পরে টমসনের সেই স্পেলটার কথা স্মরণ করতে গিয়ে বলেছিলেন, ‘ওই বলগুলো ছিল একেকটা আলোর ঝলকানির মতো। আমি সেগুলোর একটাও দেখতে পাইনি।’ আর মেন্ডিস বলেছিলেন, ‘সে বল করছিল ১০০ মাইল গতিতে। আমি এর চেয়ে দ্রুতগতির বল কখনো মোকাবিলা করিনি।’ টমসন অবশ্য তাঁর বাউন্সারগুলোকে সত্যিকারের বাউন্সার বলতে রাজি নন। তাঁর মতে, তিনি স্বাভাবিকভাবেই বল করছিলেন! শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের গড় উচ্চতা অনেক কম বলেই নাকি ওগুলো বাউন্সার বলে মনে হয়েছিল! সেই ম্যাচে ১২ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন টমসন। তাঁর উইকেট একটা গণ্য হলেও কার্যত তিনি আরও দুজনকে সাজঘরে (হাসপাতালেই বলা ভালো) পাঠিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই ম্যাচটা শ্রীলঙ্কা হেরেছিল ৫২ রানে।