টরন্টো মাস্টার্স জোকোভিচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর টরন্টো মাস্টার্স জিতেছিলেন। এবারও শিরোপাটা ধরে রাখলেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ।শিরোপা নিশ্চিত করার ম্যাচে ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েটকে উড়িয়ে দেন জোকোভিচ। মাত্র ৬১ মিনিট চলা এই লড়াইয়ে সরাসরি ৬-৩, ৬-২ গেমে তিনি জয় তুলে নেন।সদ্য শেষ হওয়া লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদকের জন্য লড়েছিলেন জোকোভিচ। কিন্তু পারেননি। শূন্য হাতেই ফিরতে হয়েছিল তাঁকে। টরন্টো মাস্টার্স শিরোপা ধরে রাখার পর জোকোভিচের প্রতিক্রিয়া, ‘খুব দীর্ঘ ও কঠিন একটা সপ্তাহ কাটল। বিশেষ করে, অলিম্পিক থেকে যে খেলোয়াড়েরা এসেছিল, তাদের জন্য সময়টা কঠিন ছিল। আমি আনন্দিত যে, এই অবস্থায়ও আসতে পেরেছি।’শিরোপা জয়ের জন্য জোকোভিচই অবশ্য ফেবারিট ছিলেন। প্রতিযোগিতায় ছিলেন না দুই তারকা খেলোয়াড় রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। হাঁটুতে চোট পেয়ে শুরুতেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন অলিম্পিকে সোনাজয়ী অ্যান্ডি মারে। ফেদেরার-নাদাল-মারের অনুপস্থিতিতে বেশ হেসেখেলে টরন্টোয় নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন জোকোভিচ।গত বছর পুরুষদের টেনিসের একক র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারান জোকোভিচ। বর্তমানে আছেন দুই নম্বরে। টরন্টো জয়ের পর ফেদেরারকে পেছনে ফেলে শীর্ষস্থানটা ফিরে পাওয়ার আশা করতেই পারেন এই সার্বীয়। তবে এ নিয়ে কোনো আলোচনা করতে চান না জোকোভিচ, ‘এই মুহূর্তে আমি কেবল শিরোপা জয় নিয়ে ভাবছি। সফলতার সঙ্গেই র‌্যাঙ্কিংয়ের উন্নতি হবে।’জোকোভিচের পরবর্তী লক্ষ্য চিনচিনাটি মাস্টার্স। আগামী সপ্তাহে শুরু হবে এ প্রতিযোগিতা। জোকোভিচ বলেন, ‘আগামী সপ্তাহে ভালো করার চেষ্টা করব আমি। চেষ্টা করব যতটা সম্ভব ইউএস ওপেনের জন্য নিজেকে প্রস্তুত করার।’ রয়টার্স।