
ইংল্যান্ডের বিপক্ষে তিন বিভাগেই জ্বলে উঠেছে আমাদের ছেলেরা। গ্রুপের শেষ ম্যাচে কাল বাংলাদেশ দলের প্রধান কাজ হবে এই ফর্মটার ধারাবাহিকতা ধরে রাখা। লম্বা সময় ধরে ফর্মের তুঙ্গে থাকা অস্ট্রেলিয়ার মতো দলের জন্য সহজ হলেও আমাদের জন্য অনেক বড় পরীক্ষা। তবে দেশের মাটিতে হওয়া ২০১২-এর এশিয়া কাপে আমরা কাজটা করে দেখিয়েছি। সপ্তাহজুড়ে ফর্মের চূড়ায় অবস্থান করেছিল বাংলাদেশ দল। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দমনীয় সেই ফর্মটা আবার ফিরে আসবে—এটাই প্রত্যাশা।
একজন খেলোয়াড়ের বা একটা দলের ভালো করার পেছনে তাদের নৈপুণ্যই একমাত্র কারণ নয়। নৈপুণ্যকে পুরো সামর্থ্য অনুযায়ী মেলে ধরার জন্য পর্দার পেছনে থাকে অনেক পরিশ্রমের গল্প। মাঠে ব্যাট-বলের অনুশীলনের পাশাপাশি মানসিক অনুশীলনটা কেমন হলো, তার ওপরও নির্ভর করে প্রস্তুতি।
টুর্নামেন্টের অন্য দলগুলোর মতো নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ায় নিকট অতীতে কোনো সিরিজ খেলার সুযোগ আমাদের হয়নি। ওই কন্ডিশনের সঙ্গে খেলোয়াড়দের আরও অভ্যস্ত করে তুলতে ব্রিসবেনে দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্পই ছিল কোচদের সবচেয়ে বড় পুঁজি। এত অল্প সময়ের অনুশীলনের এত ফলপ্রসূ বাস্তবায়ন এর আগে আর কোনো ম্যাচে দেখেছি বলে মনে করতে পারছি না। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং—ইংল্যান্ডের বিপক্ষে তিন বিভাগেই সাফল্যের সঙ্গে কার্যকর হয়েছে দলের পরিকল্পনা।
সত্যি বলতে কি, এই ফর্মটা কালও ধরে রাখা যাবে কি না, তা নিয়ে আমার একটু সংশয়ই আছে। এর অন্যতম কারণ, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির দুর্দান্ত ফর্ম। অবশ্য আগের ম্যাচগুলোতে দেখেছি, তাদের যেসব বলে বাউন্ডারি হতে পারত সেসব বলেই অনেক ব্যাটসম্যান উইকেট দিয়ে এসেছে। এই ভুলটা যেন আমাদের ব্যাটসম্যানরা না করে। নিউজিল্যান্ডকে ভয় পাওয়ার আরেকটা কারণ ব্রেন্ডন ম্যাককালামের আক্রমণাত্মক ব্যাটিং। সঙ্গে উইলিয়ামসনের কথাও না বলে উপায় নেই। ওকে ফেরানোটাই হবে আমাদের বোলারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
উদ্বোধনী জুটি ফর্মে নেই, হ্যামিল্টনে এই দুশ্চিন্তাটাও সঙ্গী হচ্ছে বাংলাদেশ দলের। আমি মনে করি, এই ম্যাচে আগে ব্যাট করলে আমাদের নির্ভার ব্যাটিংয়ের সুযোগ থাকবে। ব্যাট হাতে প্রথম ১০ ওভারে একটির বেশি উইকেট না হারালে এবং কোরি অ্যান্ডারসনের শর্ট পিচ বলগুলোকে ভালোভাবে সামলাতে পারলে, পরে আমাদের বোলাররাও পারবে নিউজিল্যান্ডের ব্যাটিং গভীরতার একটা পরীক্ষা নিতে। তবে ব্যাটিং পাওয়ার প্লে ও শেষ ৫ ওভারে কে বল করবে—সেই পরিকল্পনার দিকে বাড়তি নজর দিতে হবে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা শেষ ওভারে গড়ালে পরিস্থিতি সামাল দেওয়া তরুণ তাসকিনের জন্য কঠিন হয়ে যেত।
গ্রুপ পর্বে এখন পর্যন্ত খেলা চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়ী হলেও প্রথম একাদশ অনেকেরই মনঃপূত হয়নি। প্রথম একাদশ নিয়ে তাই আর কিছু বলতে চাই না। শুধু একটা কথাই বলব, যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে এই ম্যাচে মাশরাফি বিন মুর্তজাকে বিশ্রাম দেওয়া যেতে পারে। দুর্বল হাঁটু নিয়েও টানা খেলে যাচ্ছে ছেলেটা। মাশরাফি না থাকলে তাঁর নেতৃত্ব দল নিশ্চিতভাবেই মিস করবে। তবে কোয়ার্টার ফাইনাল যেহেতু নিশ্চিত হয়ে গেছে, আমার কাছে এই ম্যাচে জয়ের ধারাবাহিকতার চেয়েও সবার সাফল্যের ধারাবাহিকতাটা বেশি কাঙ্ক্ষিত। সেটা হলে কোয়ার্টার ফাইনালে তার একটা ইতিবাচক প্রভাব দলের মধ্যে পড়বেই পড়বে।
আজকের খেলা
দক্ষিণ আফ্রিকা-আমিরাত
(সকাল ৭টা, ওয়েলিংটন)
আগামীকালের খেলা
বাংলাদেশ-নিউজিল্যান্ড
(সকাল ৭টা, হ্যামিল্টন)
ইংল্যান্ড-আফগানিস্তান
(সকাল ৯-৩০ মি., সিডনি)
গতকালের ফল
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩৬৩/৯
স্কটল্যান্ড: ৪৩.১ ওভারে ২১৫
ফল: শ্রীলঙ্কা ১৪৮ রানে জয়ী