ভারত সফরটা হয়তো ভালো কাটেনি শ্রীলঙ্কার। কিন্তু যখনই বহুজাতিক কিংবা এমন কোনো টুর্নামেন্ট হয়, যেখানে দুইয়ের বেশি দল খেলে; সেখানে ভারতকে মনে হয় ঝামেলায় তারা ফেলবেই। টুর্নামেন্টের এই পর্যায়েই কোনো ভবিষ্যদ্বাণী করা অনেক আগাম হয়ে যায়। কিন্তু দলের চার মূল খেলোয়াড় ছাড়াই ভারতের বিপক্ষে তাদের সহজ জয়ই বলে দেয়, ভারত সফরের পরাজয় থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে। এবং এই টুর্নামেন্টে ওদের যথেষ্ট গুরুত্ব দিতেই হবে।টেস্টে দুর্দান্ত রেকর্ড থিলান সামারাবীরার। কিন্তু বিস্ময়করভাবে খুব বেশি ওয়ানডে ওর খেলা হয়নি। দিলশান ওপেনিংয়ে উঠে আসার পর লঙ্কান মিডল-অর্ডারের চেহারা প্রতিনিয়তই বদলাচ্ছে। আর সেই পরিবর্তনের চক্রে চামারা সিলভা, কাপুগেদারা, সামারাবীরার মতো খেলোয়াড়েরা দলে আসা-যাওয়ার মধ্যেই আছে। তবে এই দুর্দান্ত সেঞ্চুরিটার পর সামারাবীরা নিশ্চয়ই আরও কিছু ম্যাচ খেলার সুযোগ পাবে। হ্যাঁ, ‘ক্লাসি’ জয়াবর্ধনে দলে ফিরবে, তখন হয়তো সামরাবীরাকে ওর পরেই ব্যাট করতে হবে। কিন্তু এতে ওদের ব্যাটিং লাইনআপটা আরও শক্তিশালীই হবে। সাঙ্গাকারা তার ফর্ম ধরে রেখেছে। আসলে অন্য প্রান্তে ও থাকার কারণেই প্রথমে রয়ে-সয়ে পরে হাত খুলে শট খেলার সুযোগ পেয়েছে সামারাবীরা। শ্রীলঙ্কা দলে আছে পেরেরা, এই মারকুটে ব্যাটসম্যান এমন এক সময় ব্যাট হাতে নামে, যখন প্রতিপক্ষ ভাবে, টেলএন্ডারদের দেখা তারা পেয়ে গেছে। ও যখন নামে, তখন ওভারে আট রান করে দরকার ছিল। দুর্দান্ত ব্যাটিং করে ও-ই আসলে ভারতের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে গেছে।বছরের এই সময়টায় শিশির অবশ্যই এই উপমহাদেশে একটা বড় প্রভাবক। তাই আয়োজকদের আরেকটু আগে ম্যাচ শুরুর কথা ভাবা উচিত। এতে পরে যারা বোলিং করবে, তাদের শুধু ভেজা বল গ্রিপ করা নিয়েই ভাবতে হবে না। পাকিস্তান তাদের ম্যাচগুলো ১১টার দিকে শুরু করে। এর ফলে ৪০ ওভারের বদলে পরে বল করা দলকে মাত্র এক ডজনের মতো ওভার শিশিরের ঝামেলার মধ্যে করতে হয়। এখানে যেটা হচ্ছে, টস জেতা মানেই ম্যাচ জেতা—এটা হওয়া উচিত নয়।স্বাগতিক বাংলাদেশকে ভারতের বিপক্ষে তাদের খেলার মান আরও বাড়াতে হবে। শ্রীলঙ্কা প্রথম দুটো ম্যাচই জেতায় এখন এই দুই দলের জন্য এই ম্যাচটা ফাইনালে ওঠার একটা চেষ্টা। বোলিং আক্রমণ নিয়ে বাংলাদেশ সমস্যায় ভুগছে। শিশিরের ঝামেলার কারণে সেটি আরও বাড়তে পারে। তা ছাড়া মাশরাফি মুর্তজা না থাকায় ভারতকে নতুন বলে সমস্যায় তারা ফেলতে পারবে বলে মনে হয় না। স্পিন দিয়ে সাকিব রান আটকানোয় নেতৃত্ব দিতে পারে, কিন্তু অন্য প্রান্তে ওর সমর্থন দরকার। শ্রীলঙ্কার বিপক্ষে যেটা দেখা যায়নি। সাঙ্গাকারাদের বিপক্ষে ভারতীয় বোলাররাও খুব একটা ভালো করেনি। প্রথম ম্যাচের তুলনায় ওদেরও অনেক ভালো বল করতে হবে।চোখে পড়ার মতো দিক ছিল ফিল্ডিংয়ে লঙ্কানদের আত্মনিবেদন। ভারত আর বাংলাদেশও এ ক্ষেত্রে উন্নতি করতে পারে তাহলে সিরিজটা দারুণ উত্তেজনাকরই হবে।