টস-ভাগ্যে ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টসে জিতে ক্রিকেট খেলায় অধিনায়কেরা সিদ্ধান্ত নেন, তিনি আগে ব্যাটিং করবেন নাকি ফিল্ডিং করবেন। টসের মাধ্যমে ফুটবল খেলায় নির্ধারিত হয় কোন দল কোন দিকে গোল আগলাবে, কে আগে সেন্টার করবে। টসের মাধ্যমে কোনো নির্দিষ্ট একটি জিনিস নিয়ে দুই ভাইয়ের ঝগড়ারও মীমাংসা হয়। কিন্তু টসের মাধ্যমে কোন দল একটি প্রতিযোগিতার ফাইনালে খেলবে, সেটা নির্ধারিত হয়েছে—এমন নজির কিন্তু খুব একটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ১৯৬৮ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অন্তত একটি ফাইনালিস্ট নির্ধারিত হয়েছিল টসের মাধ্যমে। আর সেই টস-ভাগ্যে ভাগ্যবান ছিল ইতালি।ইতালির সেমিফাইনাল ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে খেলাটি ছিল অমীমাংসিত। ওই সময়ে আন্তর্জাতিক ম্যাচে টাইব্রেকারের ব্যবস্থা চালু করেনি ফিফা। যেকোনো প্রতিযোগিতার স্থান-নির্ধারণী ম্যাচে প্রথম ৯০ মিনিট অমীমাংসিত থাকলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হতো, তার পরও কোনো ফলাফল না বের হলে টসের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হতো। ১৯৬৮ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের বিজয়ীও নির্ধারিত হয় টস নামের ভাগ্য-পরীক্ষায়।সেই ম্যাচে ইতালির অধিনায়ক ছিলেন জিয়াচিনতো ফ্যাচেত্তি। টসের সময় উপস্থিত থাকার সেই অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন খুব নাটকীয়ভাবে। তিনি বলেন, ‘টসের সময় কয়েন যখন আকাশে উড়ল, তখন আমি চোখ বন্ধ করে ছিলাম। চোখ খুলে দেখি আমার ডাকা অংশই মাটিতে পড়েছে। ওই সময় আর কিছু মনে নেই। সোজা দৌড়ে চলে গেলাম আমার দলের দিকে। আমার দৌড় দেখেই মাঠের সবাই বুঝে নিয়েছিল যে সিদ্ধান্ত আজ্জুরিদের দিকেই।’সে সময় প্রথম একাদশের কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে তাঁর বদলে অন্য একজনকে নামানোর নিয়ম ছিল না। একজন ইনজুরি আক্রান্ত খেলোয়াড়ের জন্য সেই ম্যাচে ইতালিকে প্রায় সময়জুড়েই দশজন নিয়ে খেলতে হয়েছিল। পরবর্তী সময়ে আরও একজন খেলোয়াড়ের মাংসপেশিতে টান লাগায় তাঁরা পরিণত হয়েছিলেন নয়জনের দলে।ফ্যাচেত্তিকে ‘ভাগ্যবান’ খেলোয়াড় হিসেবেই মনে করতেন তাঁর সতীর্থরা। ফ্যাচেত্তি নিজেই বলেছেন, ‘টস করতে যাওয়ার আগে তারসিসিও নামের ইতালি দলের এক খেলোয়াড় জানতে চাইলেন, দলের হয়ে টসের সময় কে থাকবেন। কেউ একজন আমার নাম বললে সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে বলল, তাহলে নিশ্চিন্ত থাকো, আমরাই ফাইনাল খেলছি।’খুব জানতে ইচ্ছা করে, সেই ম্যাচে দর্শকদের অবস্থা কী হয়েছিল !