টসে নির্ধারিত হবে নাইজেরিয়া-ইরানের ভাগ্য?

জমে গেছে ‘এফ’ গ্রুপের লড়াই। নির্দিষ্ট করে বললে নাইজেরিয়া-ইরানের লড়াই। এই গ্রুপের প্রথম দল হিসেবে আর্জেন্টিনা নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড। দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত বসনিয়ারও। এখন নাইজেরিয়া-ইরানের ভাগ্য ঝুলছে সরু সুতায়। দুটি দলের সমাধান মাঠে না হলে শেষ পর্যন্ত টসে হতে পারে! বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি।
আজ বাংলাদেশ সময় রাত ১০টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে নাইজেরিয়া। ঠিক একই সময়ে শেষ ষোলোর দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া বসনিয়ার বিপক্ষে মাঠে নামবে ইরান। এই দুই ম্যাচের জয়-পরাজয় আর গোল ব্যবধানই নির্ধারণ করবে নাইজেরিয়া ও ইরানের বিশ্বকাপ ভাগ্য।
আর্জেন্টিনা নাইজেরিয়াকে ১-০ গোলে হারালে, ইরানও বসনিয়াকে ১-০ গোলে হারালে টস করা ছাড়া উপায় থাকবে না ফিফার! তখন ইরান ও নাইজেরিয়া দুই দলেরই পয়েন্ট হয়ে যাবে সমান (৪)। দুই দলের গোল ব্যবধানও হবে সমান (০)। এমনকি দুই দলের পক্ষে গোল, বিপক্ষে গোলও হয়ে যাবে সমান। ফিফার নিয়ম অনুযায়ী, এরপর দেখা হবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ম্যাচটি। সেই ম্যাচটিও হয়েছে গোলশূন্য ড্র।
তাহলে উপায়? এই গ্রুপ থেকে কে আর্জেন্টিনার সঙ্গী হবে, সেটি নির্ধারণ করতে লটারি করা ছাড়া গতি নেই। সে ক্ষেত্রে মুদ্রা নিক্ষেপ করে গ্রুপ রানার্সআপ নির্ধারণ করতে হতে পারে ফিফাকে। অথবা একটি টুপির ভেতর দুটো কাগজের টুকরোয় দুটো দলের নাম লিখতে হবে। চোখ বন্ধ করে সেখান থেকে যে দলের নাম উঠবে, তারাই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে।
আর্জেন্টিনা আর ইরান আজ ১-০ গোলে জিতলেই দেখা যাবে এই বিস্ময়কর ঘটনা। বিশ্বকাপ ইতিহাসে এমনটা আগে না ঘটলেও এর কাছাকাছি একটি ঘটনা ঘটেছিল ১৯৯০ বিশ্বকাপে। সেবার আয়ারল্যান্ড ও হল্যান্ডের মধ্যে গ্রুপ রানার্সআপ নির্ধারণ করতে টস করা হয়েছিল। তবে ওই বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী তৃতীয় দল হয়েও কাউকে বাদ পড়তে হয়নি।