টাইগারদের সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ জয়ের আগে কেউ কি ভেবেছিলেন, বাংলাদেশ সফরে এসে এতটা লজ্জায় পড়বেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা? সিরিজ জয়ের স্বাদ এর আগেও কয়েকবার পেয়েছে বাংলাদেশ। তবে বড় দলগুলোর মধ্যে কৃতিত্ব ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই কৃতিত্ব ছাপিয়ে মিরপুরে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে টাইগাররা, তা-ও আবার এক ম্যাচ বাকি থাকতেই! আগামী রোববার পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হবে ডেনিয়েল ভেট্টোরির দলকে।ক্যারিয়ারে পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। অধিনায়কের ১০৬ রানের ওপর ভর করে ২৪১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। পাল্টা সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের উইলিয়ামসন, কিন্তু দলের হার ঠেকাতে পারেননি। বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে ২৩২ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। সাকিবের অলরাউন্ড নৈপূণ্যে চতুর্থ ম্যাচে বাংলাদেশের ৯ রানের জয়, সঙ্গে সিরিজও!২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে থাকেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দলীয় ৮০ রানেই চলে গিয়েছিল ৫ উইকেট। মনে হচ্ছিল, বড় একটা হারের লজ্জা পেতে যাচ্ছে ডেনিয়েল ভেট্টোরির দল। কিন্তু একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন উইলিয়ামসন। শফিউল ইসলামের শিকারে পরিণত হওয়ার আগে তিনি সংগ্রহ করেন ১০৮ রান। কিন্তু অন্যপ্রান্তে সিডর বইয়ে দিয়েছেন সাকিব আল হাসানরা। ব্যাট হাতে সেঞ্চুরি করা সাকিব শিকার করেন তিনটি উইকেট। শফিউল ইসলাম দুটি এবং আবদুর রাজ্জাক, সোহরাওয়ার্দী শুভ, মাহমুদউল্লাহ ও রুবেল হোসেন প্রত্যেকেই একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাট করা বাংলাদেশ ৪৮.১ ওভারে ২৪১ রানে অলআউট হয়। সাকিব যখন ব্যাট করতে আসেন, তখন দলীয় সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৪ রান। এ ভঙ্গুর অবস্থান থেকে দলকে শক্ত অবস্থানে দাঁড় করান সাকিব। তিনি সেঞ্চুরি তুলে নেন ১০৮ বলে। কিন্তু ব্যক্তিগত ১০৬ রানে ডেনিয়েল ভেট্টোরির শিকারে পরিণত হন তিনি। দলীয় সংগ্রহে ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ প্রত্যেকের অবদান ৩৭ রান। নিউজিল্যান্ডের হয়ে বেনেট তিনটি এবং মিলস, টাফি ও ভেট্টোরি প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।অভিনন্দন: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, স্পিকার, ক্রীড়া প্রতিমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ এবং বোর্ডের সব কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতের দিনগুলোতে এই জয়ের ধারা অব্যাহত রাখবে।এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিউজিল্যান্ডের মতো টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় দেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি মাইলফলক। তিনি আরও বলেন, ক্রিকেটে টাইগারদের এ নতুন সাফল্য দেশের সর্বস্তরের জনগণকে বাংলাদেশকে একটি আধুনিক ডিজিটাল রাষ্ট্রে পরিণত করতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োগে অনুপ্রাণিত করবে। এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস অর্জনের কথা স্মরণ করেন।শেখ হাসিনা এ জয়ের জন্য দলের খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফ, বিসিবির চেয়ারম্যান, বিসিবির কর্মকর্তাসহ সব ক্রীড়াপ্রেমীকে অভিনন্দন জানান। খালেদা জিয়া ক্রিকেট দলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলেন, এ জয় আগামীতে জাতীয় দলকে আরও অনুপ্রাণিত করবে। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ শক্তিশালী নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে।এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়দের প্রচণ্ড আত্মবিশ্বাস ও টিম স্পিরিট বজায় রাখার ফলে যে বিজয় অর্জিত হলো, তার মধ্য দিয়ে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী মানুষের মনের আশার প্রতিফলন ঘটল। তিনি বাংলাদেশ দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বিজয়ের এই ধারা অব্যাহত রেখে আগামী বিশ্বকাপ ক্রিকেটে আত্মবিশ্বাস ও টিম স্পিরিট বজায় রেখে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন।