টাইগারের ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে এক গাড়ি দুর্ঘটনায় নাটকীয়ভাবে বদলে গিয়েছিল টাইগার উডসের জীবন। চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছিল এ সময়ের সেরা এই গলফারের সম্পর্কে। জানা গেছে, স্ত্রী এলিন নরডেগ্রেনের বাইরেও আরও অনেক মেয়ের সঙ্গে ছিল তাঁর সম্পর্ক। এসব গোপন তথ্য ফাঁস হওয়ার পর ক্রীড়াজগতে সে সময়ের সবচেয়ে ধনী এ খেলোয়াড় হারিয়ে ফেলেছিলেন তাঁর স্বাভাবিক জীবন-ছন্দ। তারপর থেকে যেন হারিয়েই গিয়েছিলেন টাইগার উডস, যিনি দীর্ঘ ১৩ বছর গলফের জগত্ শাসন করেছেন দাপটের সঙ্গে। ৭১টি পিজিএ ট্যুর শিরোপাজয়ী টাইগার উডস এরপর পুরো দুই বছরেরও বেশি সময় থেকেছেন শিরোপা বঞ্চিত। অবশেষে এ বছরের ২৫ মার্চ গলফ দুনিয়া আবার দেখল সেই পুরোনো উডসকে। তিনি জিতলেন আরনল্ড পাল্মার ইনভাইটেশনাল। ক্যারিয়ারের ৭২তম পিজিএ ট্যুর শিরোপা। তাহলে কি আবার ফিরছেন টাইগার উডস?২০০৯ সালের নভেম্বরে টাইগার উডসের ব্যক্তিগত জীবন তোলপাড় করে দেওয়া এক খবর প্রকাশ করে আমেরিকার সুপারমার্কেট ট্যাবলয়েড দ্য ন্যাশনাল এনকুয়েরার। তারা দাবি করে যে উডসের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে নিউইয়র্কের এক নাইট ক্লাবের ম্যানেজার রাচেল উচিটেলের সঙ্গে। এর দুদিন পরেই সড়ক দুর্ঘটনার শিকার হন উডস। স্বাভাবিকভাবেই নিজের নাম প্রত্যাহার করে নেন ২০০৯ সালে অনুষ্ঠিতব্য সব প্রতিযোগিতা থেকে। পুরো ব্যাপারটাকেই ‘একান্ত ব্যক্তিগত’ বলে আখ্যায়িত করেন তিনি। কিন্তু তার কয়েক দিন পর একের পর এক ধাক্কায় বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। এক ডজনেরও বেশি নারী বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন যে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে বিশ্বসেরা এই গলফারের। এরপরই অনির্দিষ্টকালের জন্য পেশাদারি গলফ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। শেষাবধি অবশ্য সুইডিশ মডেল এলিনের সঙ্গেও বিবাহ-বিচ্ছেদ ঘটে তাঁর। দীর্ঘদিনের টানাপোড়েন শেষে ২০১০ সালের ২৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় এই বিবাহ বিচ্ছেদের খবর।শুধু ব্যক্তি-জীবনেই না, পেশাদারি গলফ জগত্টাতেও অনেক ওলট-পালট হয়ে গেছে উডসের। যেখানে দীর্ঘ ১৩ বছর তিনি ছিলেন বিশ্বের এক নম্বর গলফার, সেখানে এখন তাঁর র্যাঙ্কিং ৫৮। ডিভোর্সের পর তিনি অরলান্ডো থেকে চলে এসেছেন পাম বিচে। চাকরিচ্যুত করেছেন নিজের সুইস কোচকে। মাত্র কয়েক বছর আগের ক্রীড়াজগতের সবচেয়ে বিপণনযোগ্য অ্যাথলেট আবার চেষ্টা করছেন আগের মতোই বিপণনযোগ্য হয়ে উঠতে। উডসের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ইউএস রাইডার কাপের অধিনায়ক ডেভিস লাভ বলেছেন, ‘সেই দুর্ঘটনার পর থেকে আমি উডসের মধ্যে অনেক পরিবর্তন দেখেছি। গলফ মাঠের বাইরের জীবন নিয়ে সে সুখীই আছে। আর সেই পুরোনো উডস যদি গলফ ময়দানেও ফিরতে পারে, তাহলে সেটাই হবে আদর্শ ব্যাপার।’ ক্রীড়াজগতে নিজের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করার পাশাপাশি নিজের ভেঙে পড়া ভাবমূর্তির পাল্টাতেও কাজ করতে হচ্ছে উডসকে। সেটাও তিনি বেশ ভালো মতোই করতে পারছেন বলে মনে করেন উডসের ঘনিষ্ঠজনেরা। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই দুর্ঘটনার পর থেকে ব্যক্তি টাইগার উডসও অনেক পরিবর্তিত হয়েছেন বলে মনে করেন ডেভিস লাভ। তাঁর ভাষায়, ‘আগের থেকে আরও নমনীয় হয়েছেন উডস।’ এ বছরের ২৫ মার্চ ক্যারিয়ারের ৭২তম পিজিএ ট্যুর শিরোপা জেতার পর আবার উডসের মুখে ফিরে এসেছে সেই চিরচেনা হাসি। উডস নিজে সেই মুহূর্তটাকে বর্ণনা করেছেন ‘বিশুদ্ধ আনন্দ’ হিসেবে। কয়েক মিনিট নীরব থেকে তিনি যোগ করেছেন, ‘আমি এখন শুধু আরও ভালো অবস্থানে যাওয়ারই চেষ্টা করছি।’ সর্বকালের অন্যতম সেরা এই গলফার এখন আবারও নিজেকে এক নম্বর অবস্থানে নিয়ে যেতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।—নিউজউইক অবলম্বনে