টাইব্রেকার ডাচদের দুঃস্বপ্নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইব্রেকার-ভাগ্য কখনোই ভালো নয় হল্যান্ডের। সেদিন কোয়ার্টার ফাইনালে কোস্টারিকার বিপক্ষে এই ভাগ্যের পরিবর্তন হলেও গত রাতে ১৯৯৮ সালের স্মৃতি বোধ হয় খুব করেই হানা দিচ্ছিল ডাচ খেলোয়াড়দের মননে। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল টাইব্রেকারে গড়ানোর পর নাকি পেনাল্টি নেওয়ার লোক খুঁজে পাচ্ছিলেন না কোচ লুই ফন গাল।
ম্যাচ শেষে এ ব্যাপারে কিছুটা বিরক্তিই প্রকাশ করে ফন গাল বলেছেন, ‘জানি, টাইব্রেকার বিরাট চ্যালেঞ্জ। কিন্তু দায়িত্ব থেকে পালিয়ে যাওয়টা তো কাজের কথা নয়। ফুটবল খেলাটাই এমন। এখানে সাফল্য থাকবে, আসবে ব্যর্থতা। স্বপ্নভঙ্গের যন্ত্রণার চেয়ে বাজে ব্যাপার আর কী হতে পারে?’
ফন গাল অবশ্য টাইব্রেকার থেকে ‘পালিয়ে বাঁচা’ খেলোয়াড়দের নাম বলেননি। তবে তিনি হল্যান্ডের হয়ে প্রথম পেনাল্টিটি মিস করা রন ভ্লারের পাশেই দাঁড়িয়েছেন, ভ্লার এই ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড়। সে খুবই আত্মবিশ্বাসী ছিল। কিন্তু টাইব্রেকার অন্য জিনিস। এখানে আত্মবিশ্বাসী খেলোয়াড়েরও ভুল হয়ে যেতে পারে। ভ্লারের ক্ষেত্রে সেটাই হয়েছে।’
বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের সামনে আসা তিনটি টাইব্রেকারের দুটোতেই পরাজয়ের ভাগ্যবরণ করল হল্যান্ড। ইউরো চ্যাম্পিয়নশিপে এই সংখ্যা চারে তিন।
ফন গাল নিজের হাত কামড়াচ্ছেন কোস্টারিকা ম্যাচের নায়ক বদলি গোলরক্ষক টিম ক্রালকে ব্যবহার করতে না পারায়। পরিকল্পনার বাইরে একটি বদলি বেশি হয়ে যাওয়ায় ক্রালকে ব্যবহার করা যায়নি বলেই জানালেন ফন গাল, ‘রবিন ফন পার্সিকে তুলে নিতে বাধ্য হয়েছি। তবে আফসোস হচ্ছে ক্রালকে আগের ম্যাচের মতো ব্যবহার করতে না পারায়।’