টাইব্রেকার-ভাগ্যে স্পেন ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইব্রেকারে সেস ফ্যাব্রিগাসের শট জাল ছোঁয়ার সঙ্গে সঙ্গেই স্প্যানিশ ফুটবলারদের বাঁধভাঙা উল্লাসই বলে দিচ্ছিল সবকিছু। বিশাল ফাঁড়া কেটে গেছে। পর্তুগাল যেভাবে কাল দোনেেস্ক বিশ্বচ্যাম্পিয়নদের চেপে ধরেছিল, তাতে বড় কোনো প্রতিযোগিতায় স্প্যানিয়ার্ডদের টানা তৃতীয় ফাইনালের স্বপ্নটা দূরেরই মনে হচ্ছিল। তবে ভাগ্যকে জয় করে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছে গেছেন দেল বস্কের শিষ্যরা।নিজেদের খ্যাতির অনেক দূরে ছিল কাল স্পেনের খেলা। বরং ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত ফর্ম কাল বারবারই কাঁপিয়ে দিয়েছিল তাদের রক্ষণভাগ। খেলার প্রথম থেকেই পর্তুগাল স্পেনকে চেপে ধরে তাদের খেলার খেই নষ্ট করার কাজটি করে গেছে বেশ সুনিপুণ ঢঙেই। কিন্তু কেবল খেলা নষ্ট নয়, বরং নিজেরা বলের দখল নিয়ে স্পেনের সীমানায় তাদের পদচারণটা ছিল বেশ স্বাচ্ছন্দ্যেরই। তবে গোল করার ক্ষেত্রে দুই দলেরই অপারগতা ম্যাচটিকে নিয়ে যায় টাইব্রেকারের ভাগ্যপরীক্ষায়। তাতে আবারও দুর্ভাগা পর্তুগাল। হুয়াও মোতিনহোর প্রথম শটটি ঠেকিয়ে দেন স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস। এরপর ব্রুনো আলভেসের শটটি লাগে ক্রসবারে। স্পেনের জাবি আলনসো নিজের পেনাল্টিটি মিস করলেও তা শেষ পর্যন্ত আর চোখ রাঙায়নি।দোনেেস্কর কালকের সেমিফাইনালটিকে ‘এল ক্লাসিকো’র মর্যাদা দিয়েছিলেন অনেকেই। রিয়াল মাদ্রিদের সাত খেলোয়াড় কাল দুই ভাগে বিভক্ত হয়ে খেলেছেন দুই দলে। বার্সেলোনারও প্রায় সমসংখ্যক খেলোয়াড়ের উপস্থিতি ম্যাচটিকে এল ক্লাসিকোর মর্যাদার আসনেই বসিয়েছিল। তবে ম্যাচটি ছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ । ম্যাচ শেষে যেকোনো দলই হাসতে পারত বিজয়ের হাসি। তবে ভাগ্য শেষ পর্যন্ত আলাদা করেছে দুই দলকে।একটি পরিসংখ্যান দিলে কালকের ম্যাচের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ব্যাপারটি পরিষ্কার হবে। খেলায় বলের দখল ছিল দুই দলেরই প্রায় সমান সমান। তবে স্পেনের ৪৫ শতাংশের বিপরীতে ৫৫ শতাংশ বলের দখল রেখে এ ক্ষেত্রে পর্তুগাল একটু এগিয়ে ছিল। গোলে শট নেওয়ার ব্যাপারে অবশ্য পর্তুগালকে পেছনেই ফেলেছে স্পেন। তারা পোস্টে ৫টি গোল হওয়ার মতো শট নিলেও পর্তুগাল মারতে পেরেছে দুটি। কর্নারের ক্ষেত্রে পর্তুগালের চেয়ে ন্যূনতম ব্যবধানেই এগিয়ে ছিল স্পেন (৬:৭)। ফাউলে অবশ্য পর্তুগাল স্পেনকে বড় ব্যবধানেই পেছনে ফেলেছে। তাদের ৩১টি ফাউলের অনুপাতে স্পেন রেফারিকে বাঁশি বাজাতে বাধ্য করেছে ২১ বার।খেলায় কাল স্পেন নেমেছিল এক জুয়াকে সঙ্গী করে। প্রথমে একাদশ দেখে অনেক স্পেন-ভক্তই অবাক হয়েছেন। স্প্যানিশ একাদশে ছিলেন না ফ্যাব্রিগাস, তোরেসের কেউ। আলভারো নেগ্রেদোকে মাঠে নামানোর আগে দেল বস্ক কী ভেবেছিলেন, জানা যায়নি। তবে নেগ্রেদো ছিলেন পুরোপুরিই ব্যর্থ। পরে ফ্যাব্রিগাস নেমে দলের আক্রমণের হাল ধরলেও ততক্ষণেই দেরি হয়ে গেছে অনেকটাই।পর্তুগিজ একাদশে কাল ছিলেন না পোস্তিগা। ইনজুরির কারণে মাঠের বাইরেই কাটাতে হয়েছে তাঁকে। তাঁর বদলে ছিলেন হুগো আলমেইদা। পর্তুগিজ কোচ কাল ছয় ম্যাচ পর তাঁর একাদশে পরিবর্তন এনেছিলেন।খেলার প্রথমার্ধেই বেশির ভাগ গোল করার মতো বেশি সুযোগ তৈরি করেছে দুই দল। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন দুই দলই ঝিমিয়ে পড়েছিল। ম্যাচের প্রথম ২৫ মিনিটের মধ্যেই ক্রিস্টিয়ানো রোনালদো বেশ কয়েকবার স্প্যানিশ রক্ষণে কাঁপন ধরিয়েছিলেন। পর্তুগাল প্রথম থেকেই স্পেনের ওপর চাপ প্রয়োগ করে খেলার কৌশল অবলম্বন করে। রোনালদো ও কোয়েনত্রাও দ্রুত গতিতে বেশ কয়েকবার স্প্যানিশ সীমানায় ঢুকেও পড়েন। কিন্তু তাঁদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান আরবেলোয়া। খেলার প্রথমার্ধে স্পেন তৈরি করে দুটো সুযোগ। কিন্তু আরবোলোয়া ও ইনিয়েস্তার প্রচেষ্টা দুটি ব্যর্থতায় পর্যবসিত হয়। এই সময় রোনালদোর একটি স্প্যানিশ গোলপোস্টের অল্প বাইরে দিয়ে চলে যায়। তবে রোনালদোর পাশাপাশি স্পেনের রক্ষণ-ব্যূহে সমস্যা তৈরি করছিলেন আলমেইদা। তাঁকে ঠেকাতে মোটামুটি হিমশিম খেলতে হচ্ছিল জেরার্ড পিকেদের। অতিরিক্ত সময়ে পর্তুগালকে মনে হচ্ছিল যথেষ্ট ক্লান্ত। এই সময় অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় স্পেনের হাতে। তবে ইনিয়েস্তার একটি সুযোগ ছাড়া বলার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। পর্তুগিজরা পরিশ্রান্ত হলেও তাদের রক্ষণ-ব্যূহের বুনিয়াদ এ সময়েও অটুট রেখেছিল তারা।১২০ মিনিটের বন্ধ্যা অবস্থার পর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের শুরুটা দুই দলের জন্যই ছিল দুঃস্বপ্নের। নিজেদের প্রথম দুটি শট জাল খুঁজে নিতে ব্যর্থ হয় দুই দলেরই। স্পেনের জাবি আলনসোরন শট ঠেকান পর্তুগিজ গোলরক্ষক প্যাত্রিসিও। মোতিনহোর শট ঠেকিয়ে দেন ইকার ক্যাসিয়াস। এরপর অবশ্য স্পেনের ইনিয়েস্তা, পিকে, সার্জিও র্যামোস একে একে গোল করেন। পর্তুগালের ব্রুনো আলভেসের শটটি বারে লাগে। শেষ শটে ফ্যাব্রিগাস জালে বল জড়িয়ে দিলে সৌভাগ্যের সিঁড়ি বেয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায় স্পেন।আজ দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে ইতালি। রয়টার্স।