টাইব্রেকারে টিকে গেল স্পেন
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকল। গোলের দেখা মিলল না অতিরিক্ত ৩০ মিনিটেও। কনফেডারেশনস কাপের এবারের আসরে এই প্রথম কোনো ম্যাচ গড়াল টাইব্রেকারে। ভাগ্যের খেলায় নামল স্পেন ও ইতালি। সেই খেলায় ভাগ্যদেবতা সহায় হলো স্প্যানিশদের। ৭-৬ গোলে জিতে ফাইনালে উঠে গেল বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে বিদায়ঘণ্টা বাজলেও একটা ম্যাচ অবশ্য বাকি আছে ইতালির। আগামী রোববার উরুগুয়ের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ইতালীয়দের। একই দিন শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও স্বাগতিক ব্রাজিল।
গত রাতে স্পেনের জয়সূচক গোলটি করেন জেসাস নাভাস গঞ্জালেস। টাইব্রেকারের প্রথম ১২ শটের প্রতিটিতেই গোল করতে সমর্থ হন স্পেন ও ইতালির খেলোয়াড়েরা। স্কোরলাইন দাঁড়ায় ৬-৬। পরবর্তী শটটা মিস করেন ইতালীয় ডিফেন্ডার লিওনার্দো বুনোচ্চি। তাঁর জোরালো শট গোলবারের ওপর দিয়ে চলে যায়। ম্যাচে তখন শ্বাসরুদ্ধকর অবস্থা। স্পেন পরবর্তী শটে গোল করলেই ইতালির বিদায়! হলোও ঠিক তা-ই। একদম ভুল করলেন না স্প্যানিশ মিডফিল্ডার নাভাস। ইতালির গোলরক্ষক বুফনকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে দিলেন জালে। ফাইনালে ওঠার উদযাপনে মেতে উঠল স্পেন। ইতালি-শিবিরে ততক্ষণে নেমে গেছে বিষাদের ছায়া। সূত্র: রয়টার্স।
স্পেন-ইতালি সেমিফাইনালের টাইব্রেকার দেখুন: