টাইব্রেকারে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ম্যাগনাস কার্লসেন কি পারবেন রাজত্ব ধরে রাখতে, নাকি দাবায় নতুন রাজা হিসেবে অভিষেক হবে সের্গেই কারিয়াকিনের? ১২ রাউন্ড লড়াই শেষেও উত্তরটা জানা গেল না। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠানরত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপার নিষ্পত্তি হতে তাই এখন শরণ টাইব্রেকারের। চারটি টাইব্রেকার গেম হবে আজ।
তিন সপ্তাহ আগে শুরু বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে নির্ধারিত ১২ ম্যাচের শেষটি হয়েছে গত পরশু। যে জিতবেন তিনিই চ্যাম্পিয়ন, শেষ রাউন্ডের সরল সমীকরণ। কিন্তু প্রথম ১১ ম্যাচের ৯টিতেই ড্র করা কার্লসেন-কারিয়াকিন ড্র করলেন আবার। টাইব্রেকারের উত্তেজনার দিকে ইঙ্গিত করে কার্লসেন বলেছেন, ‘আজকের গেম নিয়ে গর্ব করার কিছু নেই। তবে আশা করছি তাঁদের (দর্শককে) পুষিয়ে দিতে পারব।’
নিয়ম অনুযায়ী দুই খেলোয়াড় এখন চারটি র্যাপিড গেম খেলবেন। প্রতিটি গেমে একজন খেলোয়াড় ২৫ মিনিট করে সময় পাবেন। এ ছাড়া প্রতিটি চালের পরে ১০ সেকেন্ড করে যোগ হবে। প্রথম ১২ রাউন্ডেই খেলা হয়েছে তিন ঘণ্টারও বেশি।
চারটি র্যাপিড গেম শেষেও সমতা থাকলে হবে আরও দুটি ব্লিৎস গেম। ব্লিৎসে শুরুতে একজন খেলোয়াড় পাঁচ মিনিট করে সময় পাবেন। প্রতিটি চালের পর যোগ হবে তিন সেকেন্ড। এরপরও দুজনকে আলাদা করা না গেলে হবে আরও চারটি ব্লিৎস গেম।
এত কিছুর পরও যদি নিষ্পত্তি না হয়? তাহলে শেষ আশ্রয় আর্মাগেডন গেম। আর্মাগেডনে সাদা ঘুঁটি পাবে পাঁচ মিনিট সময়, কালো ঘুঁটি চার মিনিট। তবে কালো ঘুঁটি নিয়ে কেউ ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। শেষের এই দ্রুতগতির গেমে দুই খেলোয়াড়েরই ভুলভাল করার প্রবল সম্ভাবনা থাকে।
তবে ২৫ মিনিট ও প্রতি চাল দেওয়ার পর পাওয়া ১০ সেকেন্ডকে যথেষ্টই ভাবছেন ২৫ বছর বয়সী কার্লসেন, ‘২৫ মিনিট ও প্রতি চালে ১০ সেকেন্ড অনেক সময়। তাই আমরা স্বাভাবিক দাবাই খেলব। আমরা এখনো পেনাল্টি পর্যায়ে পৌঁছাইনি। মাত্রই অতিরিক্ত সময় শুরু হলো।’
ফুটবলের পরিভাষা ব্যবহার করেই কার্লসেন বলেছেন, ‘আমি জানি নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে দুই দলের কারও গোল না করার চেষ্টা করাটা হতাশার। তবে অতিরিক্ত সময়ে যাওয়াটাও কম রোমাঞ্চকর নয়।’ এএফপি।