টাইব্রেকারে যাক হল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময় গড়িয়ে অতিরিক্ত সময়। তারপর টাইব্রেকার। স্পেন এক-দুটি শট মিস করে ফেলল। সুযোগ কাজে লাগিয়ে হল্যান্ড জিতল। বিশ্বকাপ জিততে না পারার দীর্ঘ আক্ষেপ শেষ ডাচদের!চিত্রনাট্যটা আমার কল্পনাপ্রসূত। এমন যদি হয়! হতেও পারে। ফুটবলে কোনো কিছুই বলা যায় না। টাইব্রেকারে অনেক মহাতারকা মিস করেছেন। খেলা টাইব্রেকারে গড়ালে স্পেনের কপাল পোড়া তাই অস্বাভাবিক নয়। আর এটা মনে রাখলে ওপরের ওই ছবিটা আঁকতেই পারে হল্যান্ড। ভাবছেন অতিরিক্ত সময়...টাইব্রেকার নিয়ে পড়লাম কেন! আসলে স্পেন যে ফুটবলটা খেলে এসেছে, বিশেষ করে সেমিফাইনালে দেখা দেওয়া স্পেনকে আজকের ফাইনালে নির্ধারিত সময়ে হারানো হল্যান্ডের পক্ষে খুবই কঠিন। হল্যান্ডকে জিততে হলে অতিরিক্ত সময়ে ম্যাচটা নিতে হবে মনে হচ্ছে। টাইব্রেকার লটারি, যাতে যে কেউ জিততে পারে।আমি হল্যান্ড ফুটবলের বড় ভক্ত—এ কথা অনেক বারই বলেছি। হল্যান্ড জিতলে খুবই খুশি হব। কিন্তু আমি মনে করি হল্যান্ডের জয়ের সম্ভাবনা কম। নিজেদের স্বাভাবিক খেলার চেয়ে অন্তত ত্রিশ ভাগ ভালো খেলতে হবে। পুরো দল জ্বলে উঠলে কথাই নেই। অন্তত দু-একজন খেলোয়াড় জ্বললেও চলবে—যেমন স্নাইডার আর রোবেন। হল্যান্ডের ফাইনালে উঠে আসার নায়ক এঁরা দুজনই। শেষটাও এঁদেরই পার করে নিতে হবে। সেই ক্ষমতাও অবশ্য তাঁরা রাখেন। স্নাইডারের পায়ে দূরপাল্লার শট আছে, যা শেষ করে দিতে পারে স্পেনের স্বপ্ন। খুব বেশি দরকার নেই, অসাধারণ এক-দুটি শটই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। এ ম্যাচে স্নাইডার-রোবেনকে মুক্ত করে দেওয়াই ভালো। কোচ তাঁদের বলতে পারেন, ‘তোমরা পারলে গোল বের করো।’ বাকি ৯ জনের প্রতি কোচের নির্দেশনা যদি এমন হয়, ‘বল প্রয়োজনে বাইরে মারবে। তবু খেলাটাকে অতিরিক্ত সময়ে নাও’—আমার মনে হয় সেটিই ভালো হবে হল্যান্ডের জন্য।তবে হল্যান্ডকে তো পরিকল্পনা অনুযায়ী খেলতে দেবে না স্পেন। রোবেন-স্নাইডারকে অকেজো করে রাখতে প্রয়োজনীয় সব রসদই স্পেনের হাতে আছে। এর মধ্যেই অসাধারণ কিছু করা চাই স্নাইডার-রোবেনের।প্রতি আক্রমণে যেতে হবে হল্যান্ডকে। এই কাজে তারা সিদ্ধহস্ত। হল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছে তো ওভাবে খেলেই। তবে স্পেনের সামনে আটকে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখছি আমি। আমার মতে, হল্যান্ডের জয়ের সম্ভাবনা কম। শতকরা হিসেবে স্পেন ৬০, হল্যান্ড ৪০। জেতার জন্য হোসে মরিনহোর বেছে নেওয়া পথটাই আদর্শ মনে করি। মহাশক্তিধর বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে দারুণ চাতুর্যের সঙ্গে আটকে দিয়েছিল ইন্টার মিলান। এক গোল খেলেও কৌশলে বার্সার আক্রমণের গতিপথ বন্ধ করে ছিনিয়ে নিয়েছে জয়। হল্যান্ডকে জিততে হবে সে রকম কৌশল নিয়ে। সবচেয়ে ভালো হয়, ম্যাচটা টাইব্রেকারে নিয়ে যেতে পারলে!