
যুবভারতী ক্রীড়াঙ্গনের টার্ফে শুয়ে শেখ জামালের এক খেলোয়াড়। তাঁকে সান্ত্বনা দিচ্ছেন আরেকজন। টিভি ক্যামেরায় ভেসে ওঠা দৃশ্যটা তিরবিদ্ধ করল গোটা বাংলাদেশকেই। ইতিহাসের পাতায় নাম লিখতে লিখতে শেষ পর্যন্ত হূদয়ভাঙা এক টাইব্রেকারের কাছে সব শেষ। তীরে এসে তরি ডোবার কান্নাভেজা এক রাত; শেখ জামাল ধানমন্ডির, বাংলাদেশের!
রুদ্ধশ্বাস উত্তেজনায় ৯০ মিনিট পেরিয়ে ম্যাচ ১-১। অতিরিক্ত ৩০ মিনিটে গোল নেই। ৪৩ বছর পর মোহামেডান আইএফএ শিল্ড জয়ের স্বাদ পাবে, নাকি বাংলাদেশের কোনো ক্লাব এই প্রথম জিতবে বিশ্বের চতুর্থ প্রাচীনতম টুর্নামেন্ট? ৬০-৭০ হাজার দর্শকে উদ্বেলিত যুবভারতী উত্তর পেল—মোহামেডানই ঘরে তুলেছে ১১৮তম আইএফএ শিল্ড।
দুই কোচই ফাটকা খেলেছিলেন। টাইব্রেকারের আগে নামিয়ে দেন দুই বদলি গোলরক্ষক। শেখ জামালে হিমেলের বদলি জিয়া, মোহামেডানে নাসিম আখতার। নাসিম অনেক দিন খেলার মধ্যে ছিলেন না। ভাগ্যের কী খেলা, সেই নাসিমই টাইব্রেকারের পঞ্চম ও সাডেন ডেথে প্রথম শট আটকে দেন লিংকন ও দিদারুলের! সাইডবেঞ্চ থেকে এসে হঠাৎই নায়ক! দিদারুলের শট নাসিম ঠেকিয়ে দিতেই স্টেডিয়ামে মোহামেডানের উৎসব।
কলকাতা মোহামেডান তাদের আগের পাঁচটি আইএফএ শিল্ড জয়ের শেষটি জিতেছিল ১৯৭১ সালে। ওই বছরই স্বাধীনতা আসে বাংলাদেশের। সেই স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো ছেলে শেখ জামালের নামে গড়া এই ক্লাবের কাছে ম্যাচটা হয়ে উঠল অন্য রকম তাৎপর্যময়। গতিময় সেই লড়াইয়ের শেষটা এভাবে বিষণ্নতায় ভরিয়ে দেবে শেখ জামালকে, কে ভাবতে পেরেছিল!
এটাই ফুটবল। নইলে টুর্নামেন্টে সবচেয়ে বেশি নজরকাড়া সনি নর্দে কেন এদিন লাল কার্ড দেখবেন? কেন তিনি আবারও বিশ্বমানের ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দিয়েও ম্যাচের শেষটা দেখলেন মাঠের বাইরে বসে? সবই বোধহয় ভাগ্য।
তারপরও টাইব্রেকার-ভাগ্য প্রবঞ্চনা না করলে শেখ জামালের হাতেই উঠত ট্রফিটা। জামালের ৪-৩-৩ ছকের বিরুদ্ধে মোহামেডানের ৪-৫-১ ফুটবল ম্যাচের বেশির ভাগ সময়ই অকার্যকর লাগল। প্রথমার্ধের মাঝামাঝি কিছু সময় মোহামেডান মাঝমাঠ দখলে রেখে জামালকে চাপে রাখছিল। একক স্ট্রাইকার হিসেবে ব্রাজিলিয়ান জোসিমারকে রেখে মাঝমাঠে রহিম নবীরা চাপ তৈরি করেছিলেন সফরকারীদের রক্ষণে। তবে বাকি সময়টা শেখ জামালের তিন ফরোয়ার্ড নর্দে, ওয়েডসন আর এমেকা মিলে বেশ কয়েকবার বিপজ্জনক অবস্থা তৈরি করে ফেলেছিলেন। গোলও এসে গেল ২৮ মিনিটে।
সনি সর্দের সেই বিষ মেশানো ফ্রি-কিক মোহামেডানের জালে। মোহনবাগানের বিপক্ষে দ্বিতীয় পোস্ট ঘেঁষে ফ্রি-কিক জড়িয়েছেন জালে। কাল ফাইনালে প্রথম পোস্ট দিয়ে। লাল-সবুজ পতাকা নিয়ে মাঠে হাজির কয়েক শ বাংলাদেশির সঙ্গে টিভি পর্দায় চোখ রাখা গোটা বাংলাদেশই আনন্দে ভাসল।
কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে শেখ জামালের ছন্দপতন। পাল্টা-আক্রমণে খেই হারাল রক্ষণ। অরক্ষিত ডিফেন্ডার মেহরাজ উদ্দিন সমতা আনলেন ম্যাচে। ছয় গজের ওপর অনেকটা সময় পেলেন। তারপর করলেন প্লেসিং। ২০০৫ করাচি সাফে যাঁর গোলে ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে খোলা জমিন বেশি পাচ্ছিল না শেখ জামাল, ম্যাচে ফিরে আত্মবিশ্বাসী মোহামেডান জোনাল মার্কিং ভালোই করছিল প্রতিপক্ষকে। তার মধ্যে ব্যক্তিগত ঝলক দেখালেন নর্দে। তাঁর দারুণ একটা শট আটকে দিয়েছেন মোহামেডান গোলরক্ষক।
মোহামেডানের চার ডিফেন্ডার ধনরাজ, মেহরাজ, লুসিয়ানো আর নির্মল ছেত্রীর বয়স ত্রিশের ওপরে। এই ‘বয়সী রক্ষণের’ সঙ্গে লড়াইটা ছিল আসলে শেখ জামালের আক্রমণের ত্রিফলা ওয়েডসন, এমেকা, নর্দের। তাঁরা এই রক্ষণের পরীক্ষা নিয়েছেন বারবার, বিশেষ করে নর্দে। দ্বিতীয়ার্ধে মাঝমাঠে অধিনায়ক মামুনুলকে ছাপিয়ে জ্বলে ওঠেন সোহেল রানা।
ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে চরম নাটকীয়তা। এবার দৃশ্যপটে কেরালার রেফারি সন্তোষ কুমার। বল নিয়ে আগুয়ান নর্দেকে টেনে ধরেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুসিয়ানো। নিজেকে ছাড়াতে গিয়ে নর্দের কনুই লাগে লুসিয়ানোর মুখে। লুসিয়ানো পড়ে গেলে রেফারি নর্দেকে দেখান লাল কার্ড। বিতর্কিত সিদ্ধান্ত! অভিনয় করে পড়ে যাওয়ার জন্য লুসিয়ানোকেও দেখানো হলো লাল কার্ড।
দুই দলই ১০ জনের দল হওয়ার পর সোহেল রানা, মামুনুল সহজ সুযোগ নষ্ট করেছেন। নর্দে থাকলে হয়তো জয়সূচক গোল এসে যেত। নর্দে না থাকায় বিরাট ক্ষতিই হয়েছে শেখ জামালের। মোহামেডানের রক্ষণ ভালোই সামাল দিয়েছে প্রতিপক্ষের আক্রমণ।
১৯৯৫ সালে ঢাকা মোহামেডান আইএফএ শিল্ডের ফাইনালে উঠে পারেনি ইস্ট বেঙ্গলের সঙ্গে, সেবারও বিমুখ করেছিল টাইব্রেকার। ১৯ বছর পর ঢাকারই আরেকটি দলের হাসি কেড়ে নিল সেই টাইব্রেকার।