টাইব্রেকারে হেরে ফিরছে অনূর্ধ্ব-২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালি হাতেই নেপালের সাফাল পোখারা কাপ থেকে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সরাসরি কোয়ার্টার ফাইনালে সুযোগ পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল কাল টাইব্রেকারে (৫-৪) হেরে গেছে নেপালেরই ইয়েতি হিমালয়ান শেরপা ক্লাবের কাছে। বাংলাদেশের দলটি প্রথমে এগিয়ে গিয়েও নির্ধারিত সময়ে অগ্রগামিতা ধরে রাখতে ব্যর্থ হলে (১-১) ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে পাঁচটি করে শটের পর ফলাফল থাকে ৪-৪। ফল নির্ধারিত হয়েছে সাডেন ডেথে।একেবারে শেষ মুহূর্তে অনূর্ধ্ব-২৩ দলকে নেপালে পাঠানোর সিদ্ধান্ত হয়। কোনো প্রস্তুতি ছাড়াই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে ভালোই খেলেছেন বাংলাদেশের তরুণেরা। সেমিফাইনালে যেতে না পারাটা তাদের দুর্ভাগ্য। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে (৯৫ মিনিটে) শাহেদের পেনাল্টি ঠেকিয়ে দেন হিমালয়ান ক্লাবের গোলরক্ষক বিনয় শ্রেষ্ঠা। আর টাইব্রেকারে লিঙ্কনের নেওয়া শেষ শটটি লাগে ক্রসবারে। ম্যাচের ২৫ মিনিটে মোবারকের কর্নার থেকে উড়ে আসা বলে আত্মঘাতী গোল পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ৪৮ মিনিটে স্বাগতিক দলটিকে সমতায় ফেরান শচীন্দ্র ধীমাল।ম্যাচ শেষে নেপাল থেকে কাল টেলিফোনে দলের ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) ভাগ্যকেই দুষলেন, ‘হিমালয়ান ক্লাব দুজন বিদেশিকে খেলিয়েছে। তার পরও আমাদের ছেলেরা ভালো খেলেছে। আসলে ভাগ্যটা আমাদের পক্ষে ছিল না।’ আগামী ডিসেম্বরে শ্রীলঙ্কায় ছয় জাতি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের এই দলটিই। সত্যজিৎ আশাবাদী, ‘এ ম্যাচের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে শ্রীলঙ্কায় আমরা ভালো খেলব।’