টাইব্রেকারের বিকল্পের খোঁজে
বায়ার্ন মিউনিখ সমর্থকদের চোখের জল এখনো শুকায়নি। টাইব্রেকারে হারের ক্ষত শুকাতে আসলেই সময় লাগে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরে যাওয়া জার্মানির দলটি এই ভেবে সান্ত্বনা পেতে পারে, ‘টাইব্রেকার’ নামের ‘নির্মম’ এই লটারির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন খোদ সেপ ব্ল্যাটার। গতকাল ফিফা কংগ্রেসে ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান পেনাল্টির বিকল্প ভাবতে অনুরোধ জানিয়েছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো ফুটবলবোদ্ধাদের।‘পেনাল্টি কিকে গেলে ফুটবল একটি ট্র্যাজেডিতে রূপ নিতে পারে। ফুটবল দলগত খেলা। ফলে যখন একজনের বিপক্ষে একজন খেলে (পেনাল্টি শ্যুট-আউটে), ফুটবল তার আসল সুরটাই হারিয়ে ফেলে। সম্ভবত ফ্রাঞ্জ বেকেনবাওয়ার আর তাঁর ফুটবল ২০১৪ গ্রুপ আমাদের একটা সমাধান দিতে পারবেন। হয়তো এখনো নয়, কিন্তু ভবিষ্যতে আসবে সেই সমাধান’—নিজের বক্তব্যে বলেছেন ব্ল্যাটার।টাইব্রেকার আসলেই লটারি। ভালো খেলা দলটিও এতে হারতে পারে। এমন অনেক উদাহরণ আছে। আফ্রিকান নেশনস কাপে আইভরি কোস্টকে যেমন হারিয়ে দিয়েছিল জাম্বিয়া। ফুটবল বিশ্বকাপের শিরোপাও দুবার নির্ধারিত হয়েছে পেনাল্টি শ্যুট-আউটে। ১৯৯৪ সালে জিতেছিল ব্রাজিল, ২০০৬ সালে ইতালি। ইতালির জয়টিকেও ব্ল্যাটার বলেছিলেন ‘ট্র্যাজেডি’। যদিও চার বছর পর সেই তিনিই আবার মন্তব্য করেছিলেন, বিশ্বকাপের গ্রুপ পর্বেও ম্যাচ ড্র হলে টাইব্রেকারেই তার ফলাফল নিষ্পত্তি করা উচিত।ব্ল্যাটারের মন্তব্যটি এল টাইব্রেকারে বায়ার্নকে ৪-৩-এ হারিয়ে চেলসির চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার এক সপ্তাহের মধ্যেই। এ নিয়ে দশমবারের মতো ইউরোপিয়ান কাপের ফাইনাল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। ১৯৭০ সালে চালু হয় এই নিয়ম। এর আগে নির্ধারিত সময়ে ফলাফল অমীমাংসিত থাকলে সেই ম্যাচটি আবার আয়োজন করা হতো। এফএ কাপে এখনো প্রথম ম্যাচটি ড্র হলে আবার নতুন করে ম্যাচ হয়। ‘রিপ্লে’ ম্যাচটি অবশ্য ড্র হলে তখন পেনাল্টিতে যাওয়া হয়। শুধু সেমিফাইনাল আর ফাইনালে রিপ্লে নেই। টাইব্রেকার চালুর আগে ফুটবলে কখনো কখনো মুদ্রানিক্ষেপেও ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। ১৯৬৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টসেই সোভিয়েত ইউনিয়কে হারিয়েছিল ইতালি। এ ব্যাপারে বেকেনবাওয়ারের মন্তব্য পাওয়া যায়নি। জার্মান কিংবদন্তি অবশ্য আগে বলেছিলেন, গোল্ডেন বা সিলভার গোল নিয়মের চেয়ে পেনাল্টিই ভালো। রয়টার্স, ওয়েবসাইট।