টাইম-এর ১০০ প্রভাবশালীর তালিকায় রোনালদো

বারাক ওবামা, নরেন্দ্র মোদি, এডওয়ার্ড স্নোডেন, ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম তিনজনের সঙ্গে পর্তুগিজ ফুটবল তারকার সংযোগ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব ব্যাপার। তার পরও এক জায়গায় সত্যিই ওবামা-মোদির সঙ্গেই আসছে রোনালদোর নাম। ফিফা বর্ষসেরা ফুটবলার স্থান পেয়েছেন বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন মানুষের তালিকায়। গতকাল বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে টাইম সাময়িকী।
বিগত পাঁচ বছরের মধ্যে চতুর্থ ফুটবলার হিসেবে টাইম-এর প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন রোনালদো। এর আগে ২০১০ সালে দিদিয়ের দ্রগবা, ২০১২ সালে লিওনেল মেসি ও ২০১৩ সালে এসেছিল মারিও বালোতেল্লির নাম।
টাইম-এর এবারের প্রভাবশালীদের তালিকায় আছেন আরও চারজন ক্রীড়াবিদ। আমেরিকার বাস্কেটবল তারকা জ্যাসন কলিন্স, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, রাগবি খেলোয়াড় রিচার্ড শেরম্যান ও নিউজিল্যান্ডের গলফার লিডিয়া কো।
এ বছরটা সত্যিই দুর্দান্ত কাটছে রোনালদোর। শুরুতেই জিতেছিলেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এরপর বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেনকে হারিয়েছিলেন প্রায় একক নৈপুণ্যে। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। ইউরোপিয়ান ক্লাব ফুটবলেও বেশ ভালো অবস্থায় আছে তাঁর দল রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যেই কোপা ডেল রের শিরোপা জিতেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে একধাপ এগিয়ে গেছে ফাইনালের পথে। লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনাও টিকে আছে বেশ ভালোভাবেই। সব মিলিয়ে চারিদিকে শুধু রোনালদোরই জয়জয়কার।
টাইম সাময়িকীর এই তালিকা নিশ্চয়ই আরও অনুপ্রাণিত করবে এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে।