টাইম বোমা হয়ে উঠেছিল ফ্রান্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়া ফ্রান্সের জন্য নতুন ঘটনা নয়। কিন্তু এবার এ ঘটনা নিয়েই বেশি আলোচনা অন্য কারণে। ছিটকে পড়ার আগে মাঠের বাইরে ফ্রান্সের খেলোয়াড়েরা, বিশেষ করে নিকোলাস আনেলকা যা করলেন, সেটা নিয়েই তো যত শোরগোল!বিশ্বকাপ চলাকালীনই দল থেকে বহিষ্কৃত হয়ে ইংল্যান্ডে চলে আসা আনেলকা অবশ্য এখন বলছেন, তিনি যা করেছেন, এটা অবধারিতই ছিল। ফ্রান্স দলের ভেতরের পরিস্থিতি নাকি এমনই জটিল হয়ে পড়েছিল, যে বোমাটা কাউকে না-কাউকে ফাটাতেই হতো।আনেলকার বহিষ্কারাদেশটা এসেছিল কোচকে তিনি অশ্লীল গালিগালাজ করায়। ফেডারেশন তাদের দল থেকে বহিষ্কার করায় খেলোয়াড়েরা আবার ধর্মঘটও করেছিলেন। আনেলকা বলছেন, কোচকে তিনি যা বলেছেন, সেটা বলতেই হতো, ‘আমি যদি কাজটা না করতাম, অন্য কেউ করত। আসলে একটা টাইম বোমা বিস্ফোরণের জন্য অপেক্ষা করছিল।’তবে এখন অনেক খেলোয়াড়ই বলছেন, তাঁরা ধর্মঘট করে অনুতপ্ত। সমালোচকেরাও অনেকে বলেছেন, খেলোয়াড়েরা সবাই স্বেচ্ছায় ধর্মঘটে যাননি। আনেলকা কিছু বলার আগেই ধর্মঘটীদের একজন জেরেমি তুলালান বলেছেন, কাজটা অন্যায় করলেও তাঁরা সবাই স্বেচ্ছায়ই ধর্মঘটে গিয়েছিলেন, ‘আমি যা করেছি, তা নিয়ে গর্বিত নই; কিন্তু দায়টা নিচ্ছি। আমাদের কোনো নেতা ছিল না, ভৃত্য ছিল না। কোনো ভালো ছেলে, খারাপ ছেলে ছিল না। আমরা সবাই এর সঙ্গে জড়িত ছিলাম, সবাইকেই এর দায় নিতে হবে। কারণ কেউ এর বিপক্ষে একটা শব্দও করেনি। এখন যারা এটা অস্বীকার করছে, তারা মিথ্যা বলছে।’এই কথাটাই বলছেন আনেলকা। তিনিও বলছেন, ফরাসি দল এই ধর্মঘটের ব্যাপারে খুবই একমত ছিল, ‘সবাই, আমি বুঝেই বলছি, সবাই এক হয়ে কাজটা করেছে। কেউ যদি সে সময় অনুশীলন করতে চেয়ে থাকে, এখন পারলে সামনে এসে বলুক। আমি শতভাগ নিশ্চিত, কেউ অনুশীলন করতে চায়নি।’ফ্রান্সের সাবেক খেলোয়াড় বিজেন্তে লিজারাজু সম্প্রতি কড়া সমালোচনা করেছেন আনেলকার। আনেলকা তাঁর সমালোচনারও জবাব দিয়েছেন। বলছেন, সমালোচনা করারই যোগ্যতা নেই তাঁর, ‘লিজারাজু! সে আবার কে? সে যখন কথা বলে, তখন আমরা এমনভাবে শুনি, মনে হয়, একজন জীবন্ত কিংবদন্তির কথা শুনছি। কিন্তু ও স্রেফ একজন সাবেক খেলোয়াড়, যার এমন বড় কোনো পরিচয় নেই। সারা জীবন সতীর্থ জিদান ও ডুগারির সাফল্যে হতাশায় ভুগেছে।’আক্রমণাত্মক ভাবটা যে যাচ্ছেই না আনেলকার! এএফপি, ওয়েবসাইট।