টাইম ম্যাগাজিনের চোখে সেরা ক্রীড়াবিদ শচীন
ক্রিকেটের জগতে অসামান্য অবদান রাখার জন্য আগেই ভক্তদের কাছ থেকে ‘ক্রিকেট ঈশ্বর’ উপাধিটা পেয়ে গেছেন শচীন টেন্ডুলকার। এবার সেই উপাধিটির আনুষ্ঠানিক স্বীকৃতিও পেলেন লিটল মাস্টার। টেন্ডুলকারকে এই ক্রিকেট ঈশ্বর উপাধিতে ভূষিত করেই এবারের সংখ্যায় প্রচ্ছদ করেছে টাইম ম্যাগাজিন। সেই সঙ্গে টেন্ডুলকারকেই এ সময়ের সেরা ক্রীড়াবিদ বলেও আখ্যায়িত করেছে খ্যাতনামা এই আমেরিকান পত্রিকাটি।ক্রীড়াজগতে নিজ নিজ অঙ্গনে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন মাইকেল শুমাখার, রজার ফেদারার, টাইগার উডস, লিওনেল মেসিসহ আরও অনেক তারকারাই। কিন্তু টেন্ডুলকারের মতো প্রতিদ্বন্দ্বিতাবিহীন অবস্থা তৈরি করতে পারেননি কেউই। এ বছরের শুরুতেই শততম শতকটি করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকি পন্টিংয়ের আছে ৭১টি শতক। টাইম ম্যাগাজিনের প্রতিবেদক ববি ঘোষ বলেছেন, ‘প্রত্যেক খেলাতেই রেকর্ড গড়া সব খেলোয়াড়েরা আছেন। কিন্তু টেন্ডুলকারের প্রতিদ্বন্দ্বীরাও তার চেয়ে অনেক পিছিয়ে আছে। লিওনেল মেসিকে ফুটবল জগতের সেরা খেলোয়াড় বলা যায়। কিন্তু তাকেও প্রতিনিয়ত প্রতিযোগিতা করতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে।’টাইম ম্যাগাজিনের সঙ্গে এই বিশেষ সাক্ষাত্কারে ক্রিকেট অঙ্গনের বাইরেও জীবনের অনেক বিষয় নিয়ে আলাপ করেছেন শচীন টেন্ডুলকার। আজ ১১ মে প্রকাশিত হয়েছে টাইম ম্যাগাজিনের এই সংখ্যাটি।