টাইম সাময়িকীতেও মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনায় যে হীরকোজ্জ্বল পারফরম্যান্স, আর্জেন্টিনার জার্সি গায়ে তার অংশবিশেষও টেনে আনতে পারেন না। লিওনেল মেসির দুটো মুখ ফুটবল-বিশ্ব দেখেই ফেলেছে। তবে বয়স মাত্রই ২৪, এখনো অনেক সময় পড়ে আছে। মেসি আর্জেন্টিনার হয়েও ফুল ফোটাতেই পারেন। অবশ্য তাঁর স্বীকৃতি ওই আর্জেন্টিনার সাফল্যের অপেক্ষায় বসে নেই।গত দুই মৌসুমের ফিফা বিশ্বসেরা মেসি বার্সেলোনার আলোতেই ২০১১ সালেও পেতে পারেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। গড়তেই পারেন প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে টানা তৃতীয়বার বিশ্বসেরার স্বীকৃতি পাওয়ার রেকর্ড। আর্জেন্টিনার আকাশি-নীলে উজ্জ্বল নন, তাতে কী? মেসি-ম্যানিয়া চলছেই। কলম্বিয়ার সঙ্গে যখন বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও মেসির আরেকটি পরীক্ষার মঞ্চ তৈরি, তখন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টাইম সাময়িকীর সেরার তালিকায় উঠেছে আর্জেন্টিনার খুদে জাদুকরের নাম। টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্বের পুরস্কারের দাবিদার ৩২ জনের মধ্যে মেসি অন্যতম। সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিনটন, সদ্য পদত্যাগ করা ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি এবং তথ্যপ্রযুক্তির জাদুকর প্রয়াত স্টিভ জবসের পাশে ঠাঁই তাঁর নাম। যুক্তরাষ্ট্রের এই সাময়িকীটির ওয়েবসাইটে প্রকাশিত মেসি-বন্দনাটি এমন—মেসি তাঁর প্রজন্মের সেরা খেলোয়াড়, যিনি ফুটবল খেলাটিকে বাণিজ্যিক আবেদন ও সাফল্যের সোপানে নিয়ে তুলেছেন নতুন উচ্চতায়। ‘তাঁর স্বদেশি ডিয়েগো ম্যারাডোনার মতো এই ২৪ বছর বয়সী আর্জেন্টাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার বিশ্বকাপ হয়তো জেতেননি, কিন্তু তিনি তাঁর ক্লাব বার্সেলোনার হয়ে জিতেছেন সবকিছুই (কয়েকটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা, যার মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়) এবং তিনি এখন ছুটছেন টানা তৃতীয় ব্যালন ডি’অর জন্য। লিওর সাম্প্রতিক বিস্ময়কর কৃতিত্ব হলো বার্সার হয়ে ২৮৬তম ম্যাচে ২০০তম গোল করা। আর কীর্তি গড়ার পথে মেসি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির বাণিজ্যিক আবেদন ও সাফল্যকে নিয়ে গেছেন আরও উঁচুতে। আমেরিকার স্কুলে মেসির বার্সার জার্সি পরা বাচ্চাদের বেড়ে চলা সংখ্যাটাই বড় প্রমাণ’—লেখা হয়েছে টাইম সাময়িকীর ওয়েবসাইটে। সাময়িকীটির সম্পাদকেরা বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচন করতে বসবেন আগামী মাসেই। নামটা কি মেসিই হতে যাচ্ছে? অপেক্ষায় থাকুন।এদিকে মেসির সঙ্গে তুলনায় এসে গেছে লুইস সুয়ারেজের নাম। লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার এই তুলনায় কিন্তু স্বস্তি বোধ করছেন না, ‘মেসির সঙ্গে তুলনা আমাকে বিব্রত করছে। হাসিও পাচ্ছে আমার, এ মুহূর্তে সবকিছুই ভালো চলছে তো তাই মনে হচ্ছে, এই তুলনাটা আসছে উরুগুয়ে সমর্থকদের প্রতিক্রিয়া থেকে। আমার ভালোই লাগছে, তবে দলীয় প্রচেষ্টা হিসেবেই এটিকে দেখতে হবে, এটা শুধু এক খেলোয়াড়ের অবদান নয়।’ আয়াক্স আমস্টারডাম থেকে গত জানুয়ারিতে লিভারপুলে যোগ দিয়ে এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গত শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে সুয়ারেজের চার গোলেই চিলিকে বিধ্বস্ত করেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে। ওয়েবসাইট।