টাইসন গের ৯ দশমিক ৭৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত দুটি আসরে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আধিপত্য বিস্তার করেছে জ্যামাইকা। ২০০৯ ও ২০১১ সালে সোনা জিতেছিলেন জ্যামাইকান তারকা উসাইন বোল্ট ও ইয়োহান ব্লেক। তবে এবারের আসরে সেই আধিপত্য ভেঙে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন আমেরিকান তারকা টাইসন গে। আমেরিকান বাছাইয়ের ১০০ মিটারে শুধু বছরের সেরা টাইমিংই নয়, ৯ দশমিক ৭৫ সেকেন্ডে দৌড় শেষ করে ঢুকে পড়েছেন সর্বকালের সেরা দশ টাইমিংয়ের মধ্যে।২০০৭ সালে আমেরিকার হয়ে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন গে। এর পর থেকে বেশ কয়েকবার ইনজুরির কবলে পড়ে প্রায় আলোচনার বাইরেই চলে গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন পর গতকালই তাঁকে দেখা গেছে নিজের সেরা ফর্মে। ১০০ মিটার দৌড়ের বাছাইয়ে তিনি পেছনে ফেলেছেন নির্বাসন শেষে দারুণভাবে ফিরে আসা জাস্টিন গ্যাটলিনকে। গত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী গ্যাটলিন দৌড় শেষ করেছেন ৯ দশমিক ৮৯ সেকেন্ডে। ১০০ মিটার দৌড়ে সর্বকালের সেরা তিনটি টাইমিংই বোল্টের দখলে। গের ক্যারিয়ার-সেরা ৯ দশমিক ৬৯ সেকেন্ডও সর্বকালের যৌথ তৃতীয় সেরা টাইমিং। মার্কিন কোনো দৌড়বিদেরও ইতিহাস-সেরা এটিই। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বকালের দ্বিতীয় সেরা টাইমিংটিও গের (৯.৭১)। কালকের ৯ দশমিক ৭৫ সর্বকালের সেরা দশ নম্বর টাইমিং, যুক্তরাষ্ট্রের হয়ে যেটি সর্বকালের তৃতীয় সেরা। একই সঙ্গে এ বছরের সেরা টাইমিং এটি, যদিও এ নিয়ে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করেননি গে। দীর্ঘদিন পর আবার পুরোপুরি সুস্থ অবস্থায় আসতে পেরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি, ‘শেষবারের মতো আমেরিকান চ্যাম্পিয়ন হয়েছিলাম পাঁচ বছর আগে। আবার সেই জায়গাটায় ফিরতে পেরে ভালো লাগছে। তবে সামর্থ্য অনুযায়ী দৌড়াতে পারিনি। কিন্তু আমি পুরোপুরি সুস্থ আছি। সেটাই সবচেয়ে বড় ব্যাপার।’গে আর গ্যাটলিনের সঙ্গে আমেরিকান দলের তৃতীয় অ্যাথলেট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছেন চার্লস সিলমন। আগামী ১০ আগস্ট মস্কোতে শুরু হবে এবারের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। রয়টার্স।