টাইসনের আরেক কাণ্ড

বক্সিং জীবনে কত কী না করেছেন মাইক টাইসন। প্রতিদ্বন্দ্বী বক্সার হলিফিল্ডের কান কামড়ে ধরে নিজেকে ‘বন্য’ হিসেবে পরিচিত করেছিলেন। ধর্ষণের দায়ে জেল খেটে হয়েছিলেন অপরাধী। স্বভাব চরিত্রে তিনি যে এখনো পরিশীলিত নন, সেটা যেন সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আবারও। এক টেলিভিশন আলোচনায় অংশ নিয়ে এবার উপস্থাপককে গালাগাল দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন পেশাদার বক্সিংয়ের অন্যতম সেরা এই তারকা।
টেলিভিশনের ওই আলোচনা অনুষ্ঠানটি ছিল টরন্টোর মেয়র নির্বাচন-সম্পর্কিত। সেখানে টাইসন উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী বব ফোর্ডের সমর্থনে। অনুষ্ঠানটির উপস্থাপকের একটি মন্তব্যই মূলত খেপিয়ে দেয় তাঁকে। উপস্থাপক টাইসনকে জিজ্ঞেস করেছিলেন, ধর্ষণের দায়ে তাঁর কারাভোগের ঘটনাটি ফোর্ডের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না। এই প্রশ্নে তেলে-বেগুনে জ্বলে ওঠেন টাইসন। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ক্যামেরা চালু রেখেই তিনি উপস্থাপককে অকথ্য ভাষায় গালাগাল দেন।
বিব্রত উপস্থাপক কথা ঘোরাতে টাইসনকে অন্য একটি প্রশ্ন করলেও গালি থেকে নিস্তার পাননি। শেষ প্রশ্নটির উত্তরে টাইসন বলেন, ‘আপনি যে ধরনের নেতিবাচক মন্তব্য করছেন, আপনার উপস্থাপনায় এই অনুষ্ঠানে আমার আসাই উচিত হয়নি। এরপর তিনি উপস্থাপককে ছাপার অযোগ্য আরও একটি গালি দেন।
১৯৯২ সালে এক তরুণীকে ধর্ষণের দায়ে টাইসনের ছয় বছরের কারাদণ্ড হয়। তিন বছর জেল খাটার পর তিনি মুক্তি পান। সূত্র: মেইল অনলাইন।