টাকা আর টাকা
মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ে ফেলবে ওয়েম্বলির আজকের ফাইনাল। এটাই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে আর্থিকভাবে সবচেয়ে লাভজনক ফাইনাল। প্রাইজমানি, ক্লাবের ব্র্যান্ডের বাজারদরের বৃদ্ধি, মিডিয়া-স্বত্ব, দলের সার্বিক অর্থমূল্য বাবদে এই ফাইনাল থেকে দুই দলের আয় হবে ২০ কোটি ইউরো (১৭ কোটি ৩০ লাখ পাউন্ড)।এই হিসাব দিয়েছেন ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিপণন বিশেষজ্ঞ সাইমন চাডউইক। মাস্টারকার্ড পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, চ্যাম্পিয়ন দলের আর্থিক লাভ হবে ১১ কোটি পাউন্ড। পরাজিত দলের ৬ কোটি ৩০ লাখ। ‘দুই দল মিলে ২০ কোটি ইউরো পকেটে পুরবে। এর ফলে ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে এটি হয়ে যাচ্ছে সবচেয়ে লোভনীয় ফাইনাল’—বলেছেন চাডউইক। ক্লাব ফুটবলের বাণিজ্যের দিক দিয়ে দুটো সেরা দল ফাইনালে মুখোমুখি হচ্ছে বলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালটিও এমন ‘অর্থকরী’ হয়ে যাচ্ছে।শুধু দুই দলই নয়; ফাইনালের আয়োজক শহর লন্ডন সাড়ে চার কোটি পাউন্ড আয় করবে। বার্সেলোনা কিংবা ম্যানচেস্টার যে শহরই চ্যাম্পিয়ন হোক, পর্যটন ও স্থানীয় কেনাকাটায় সেই শহরের আয় হবে দেড় কোটি পাউন্ড। ওয়েবসাইট।