টাকা এখনো পাইনি
বিপিএলের এবারের আসর মাঠে গড়াবে চার দিন পর। তবে এখনো বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরসের সঙ্গে চুক্তি স্বাক্ষর বাবদ (সাইনিং মানি) পাওনা টাকা এখনো পাননি সাকিব আল হাসান। সাকিবের বরাত দিয়ে আজ সোমবার ‘ক্রিকইনফো’ এ খবর জানিয়েছে।নিয়মানুযায়ী প্রতিযোগিতা শুরুর আগেই খেলোয়াড়দের চুক্তির শতকরা ২৫ ভাগ অর্থ পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজগুলোকে। ২৫ শতাংশ প্রতিযোগিতা চলার সময় এবং অবশিষ্ট ৫০ শতাংশ অর্থ প্রতিযোগিতা শেষ হওয়ার ১৫০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।বিপিএলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান ১৭ জানুয়ারি। খেলা মাঠে গড়াবে এর পরের দিন। এই হিসাবে অর্থ পরিশোধের সময় এখনো রয়ে গেছে। তবে সাকিবের কণ্ঠে যথাসময়ে টাকা না পাওয়ার আশঙ্কা স্পষ্ট। ‘আমি এখনো টাকা পাইনি। আমি মনে করি, পাওনা পরিশোধের নিয়মকানুন লিখিত হওয়া উচিত, এতে ঠিকঠাক পরিশোধ করা হতো। এবারের মৌসুমে যদি যথাসময়ে পাওনা পরিশোধ করা হয়, ক্রিকেটাররা তা স্বাগত জানাবে। কারণ আমরা জানি, গত মৌসুমে কী ঘটেছে।’ আজ ঢাকা গ্ল্যাডিয়েটরসের সঙ্গে প্রথম অনুশীলন শেষে বলেন সাকিব।এবারের বিপিএল আসরের সবচেয়ে দামি ক্রিকেটার সাকিব। গত মাসে অনুষ্ঠিত নিলামে তাঁকে তিন লাখ ৬৫ হাজার ডলার দিয়ে কিনে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। গত বছর অনুষ্ঠিত বিপিএলের উদ্বোধনী আসরে তিনি ছিলেন খুলনা রয়্যাল বেঙ্গলসের ‘আইকন’ খেলোয়াড়। এ কারণে আগেরবার তিনি নিলামে ওঠেননি। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে বসে নিলাম অনুষ্ঠানে সাহায্য করেন খেলোয়াড় কেনায়। আইকন হওয়ায় সেবার সাকিবের মূল্য ছিল অন্য আইকনদের মতোই, ২ লাখ ১০ হাজার ডলার। তবে এবার নিলামে উঠায় দামের দিক থেকে সাকিব ছাড়িয়ে যান দেশি-বিদেশি সবাইকে। সাকিব মনে করেন, যথাসময়ে ক্রিকেটারদের অর্থ পরিশোধ করা না হলে ক্রিকেটাররা বেশ মর্মাহত হবেন। তবে এটি তাঁদের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না। সাকিবের ভাষায়, ‘এটি (অর্থ পরিশোধ না করা) মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না। তবে খেলোয়াড়েরা খুব দুঃখ পাবে। সত্যি বলতে, আমরা সবাই ভুক্তভোগী। দ্রুত আমাদের পাওনা পরিশোধ করা হলে দারুণ হবে। কারণ, মাঠের ভেতরে নিজেদের শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টাই করি আমরা।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে শিনবোনে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট এখনো পুরো সেরে ওঠেনি। তবে এটি বিপিএলে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না বলে মনে করেন তিনি। অবশ্য প্রথম দুটি ম্যাচ নিয়ে সংশয় রয়েছে সাকিবের নিজের কাছেই, ‘আমি পুরো ফিট নই। পুরো ফিট হতে কিছুটা সময় লাগবে। আমার মনে হয়, প্রথম দুটি ম্যাচের পরই পুরো ফিটনেস ফিরে পাব আমি।’