টাকা কথা বলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার অনেক শক্তি। টাকার কাছে হার মানে অনেক কিছু। বাফুফের নির্বাচনে সেই টাকার অনেক দাপট দেখা গেল। এটা নিয়ে প্রকাশ্যেই কথা বলেছেন অনেকে। মনজুর হোসেনও (মালু) বললেন। সহসভাপতি পদে হেরে বাফুফে ভবন ছাড়ার সময় তাঁর কাছে জানতে চাওয়া হলো, ‘নির্বাচনে টাকার খেলা হয়েছে বলে শোনা যাচ্ছে। আপনার কী মত?’ মনজুর হোসেন বললেন, ‘তাই তো শুনলাম, টাকার ছড়াছড়ি হয়েছে।’ তবে তাঁর শেষ কথাটা ছিল এই, ‘ফুটবলে ছিলাম। ফুটবলে থাকব। নির্বাচনে হারজিত তো হতেই পারে।’অনেকে বলছেন, অন্তত তিন থেকে চার কোটি টাকা বিলিবণ্টন হয়েছে এই নির্বাচনে। পরশু রাতে একটি হোটেল টাকার বস্তা নিয়ে ভোটারদের হাতে দেওয়া হয়েছে। মানে ভোটারদের অনেকের পকেট ভারী হয়েছে এই সুযোগে। এমনকি কাল ভোট শেষে এক ভোটার জানিয়েছেন, ভোটের সময়ও টাকা দেওয়া হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে নাকি অভিযোগও করেছেন এক প্রার্থী। তাতে অবশ্য কোনো কাজ হয়নি। যাই হোক, এবার সহসভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে কাজী নাবিল আহমেদ নির্বাচিত হয়েছেন দ্বিতীয় মেয়াদে। ভোটের আগে তাঁর নাম নির্বাচক বিশ্লেষকদের মুখে সেভাবে আসেনি। তাবিদ আউয়ালের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়াও চমক। তাবিদ এখনো খেলছেন। তিনি ফেনী সকারের ফুটবলার ও পৃষ্ঠপোষক। মনজুর হোসেন, শওকত আলী খানদের মতো অভিজ্ঞ সংগঠকদের বিদায় দিয়ে ভোটাররা তাঁদের বেছে নিলেন। আর একটু হলে বাদল রায়ও কাটা পড়তেন। আরিফ খান (জয়) নির্বাচনে জয়ী হতে অনেক কাজ করেছেন। তাঁর নির্বাচিত হওয়াটাকে চমক বলতে রাজি নন ভোটাররা। সব মিলিয়ে টাকার ছড়াছড়ির এই নির্বাচন ভালো কোনো উদারহরণ রাখতে পারেনি। অডিট রিপোর্ট পাস হয়নি: বাফুফের গত চার বছরের খরচের অডিট রিপোর্ট এবং এ বছরের ২১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়নি। আগামী ছয় মাসের মধ্যে তা পাস করা হবে বিশেষ সাধারণ সভা ডেকে।