টাকা ঢেলেই ব্রিটেনের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ আটলান্টা অলিম্পিক। ব্রিটেনের সোনা ১টি, সব মিলিয়ে ১৫টি পদক। পদক তালিকায় অবস্থান—৩৬।
২০১৬ রিও অলিম্পিক। ব্রিটেনের সোনার পদক ২৭টি, মোট পদক ৬৭। পদক তালিকায় অবস্থান—২!
২০ বছর আগের ব্যর্থতাটা রিওতে কী দুর্দান্তভাবেই না ঘুচিয়েছে ব্রিটেন। প্রতিদ্বন্দ্বীরা হতবাক, অনেকে আবার মুগ্ধও ব্রিটিশদের এভাবে উঠে আসায়। কিন্তু কীভাবে হলো এমন উত্থান? উত্তরটা শুনলে একটু অবাক হতে পারেন। কোচিংয়ে যুগান্তকারী কোনো বিপ্লব ছিল না, প্রযুক্তিতেও আনা হয়নি কোনো অবিশ্বাস্য বদল। রিওতে ব্রিটিশদের এমন দুর্দান্ত সাফল্য এসেছে জনগণের করের টাকা যথাযথ ব্যবহারের কারণে।
ম্যারাথনে মো ফারাহ, টেনিসে অ্যান্ডি মারে, গলফে জাস্টিন রোজ, সাইক্লিংয়ে ‘স্বামী-স্ত্রী জুটি’ জেসন কেনি ও লরা ট্রট, নারী হকি দল—সব মিলিয়ে ব্রিটেনের এবারের অ্যাথলেটদের বলা হচ্ছে ‘সোনালি প্রজন্ম’। এঁদের সৌজন্যেই রিওতে ৬৭ বার পোডিয়ামে উঠেছে ব্রিটেনের পতাকা। ব্রিটেনের প্রধান ক্রীড়া নির্বাহী লিজ নিকোল যে কারণে বলতে পারছেন, ‘আমরা এখন খেলাধুলার সুপার-পাওয়ার।
এই শক্তির ভিত্তি কিন্তু গড়ে দিয়েছিল ২০ বছর আগের ওই অলিম্পিক। সেবারের ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়েছে ব্রিটেন, যার ফল এখন আসতে শুরু করেছে। ব্রিটিশ স্পোর্টস চেয়ারম্যান রড কারই শোনালেন গল্পটা, ‘আটলান্টা অলিম্পিকের পর জন মেজর (সে সময়ের প্রধানমন্ত্রী) পুরো লটারি আইনটাকেই বদলে দিতে চেয়েছিলেন। আমরাও যতটুকু পেরেছি, করেছি।’
তিনটি অলিম্পিকে ব্রিটেনের সেইলিং কোচ ছিলেন কার। সে সময়ের বদলের প্রভাবটাও চোখের সামনেই দেখেছিলেন, ‘এক বছর পর দেখলাম, আমরা একটা ভিত্তি পেয়ে গেছি। আটলান্টায় দুটি রুপা পেয়েছিলাম (সেইলিংয়ে), কয়েকটিতে সেরা দশে ছিলাম। কিন্তু সিডনিতে (২০০০ অলিম্পিক) পেলাম তিনটি সোনা ও দুটি রুপা। এরপর বেশ ভালোই উন্নতি করেছি আমরা, অন্য খেলাগুলোও এগিয়েছে।’
বলতে গেলে প্রচুর অর্থায়নের ফল অলিম্পিকে ব্রিটেনের এমন উত্থান। ব্রিটিশ সংবাদমাধ্যমের হিসাব, ১৯৯৬ অলিম্পিকের আগে অলিম্পিকের খেলাগুলোয় প্রতিবছর ব্রিটেনের বিনিয়োগ ছিল ৫ মিলিয়ন পাউন্ড। কিন্তু ২০০০ অলিম্পিকের আগের চার বছরে সেটিই বেড়ে দাঁড়ায় বার্ষিক ৫০ মিলিয়ন পাউন্ড। ২০১২ লন্ডন অলিম্পিকের আগে আরও বেড়ে বছরে ৮০ মিলিয়ন। কারের ব্যাখ্যা, ‘নব্বইয়ের শেষ দিকে আমরা শুধুই বিশ্বাসের ওপর ভিত্তি করে এগোতাম। কিন্তু ২০০০-এর শুরুর দিক থেকে পরিষ্কার হয়ে গেল, পদক ও অর্থায়ন একই রেখায় চলে।’ এএফপি।