টাকা দিয়ে বিশ্বকাপ পেয়েছে কাতার!
২০২২ বিশ্বকাপ পেতে কাতার তাহলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করল!
ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে তেমনই এক কেলেংকারির খবর ফাঁস করেছে গতকাল। ফিফার সাবেক কর্মকর্তা জ্যাক ওয়ার্নার নাকি প্রায় ২০ লাখ ডলার নিয়েছিলেন কাতারের একটি কোম্পানির কাছ থেকে।
১৪ বছর ফিফার সহসভাপতি ছিলেন ওয়ার্নার, ২০১১ সাল পর্যন্ত ছিলেন ফিফার নির্বাহী কমিটির সদস্য। এই কমিটিই বিশ্বকাপ আয়োজনের জন্য ২০১০ সালে কাতারকে বেছে নিয়েছিল। টেলিগ্রাফ জানাচ্ছে, বিশ্বকাপ পেতে কাতারকে সহায়তা করায় ২০১১ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সে সময়ের সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের কোম্পানি ১২ লাখ ডলার দিয়েছিল ওয়ার্নারকে। তাঁর ছেলেকে পরে দেওয়া হয়েছে আরও প্রায় আট লাখ ডলার। ২০১১ সালে আর্থিক অনিয়মের জন্য হাম্মাম আজীবন নিষিদ্ধ হয়েছেন ফিফা থেকে। ওয়ার্নার নিজেও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে ফিফা থেকে পদত্যাগ করেছিলেন। কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির দাবি, এরকম কোনো লেনদেনের কথা তাদের জানা নেই। এএফপি।