টাকা নেই, বিওএ স্থবির
সামনে অনেক কর্মসূচি। কিন্তু টাকা নেই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) তাই একরকম স্থবির হয়ে আছে। বিওএ স্থবির মানে নির্বাচনবিহীন গোটা ক্রীড়াঙ্গনই নীরব। জাতীয় ক্রীড়া পরিষদের এসব নিয়ে কোনো মাথাব্যথাই নেই! পরিষদ যেন ঘুমোচ্ছে।এ অবস্থা থেকে বেরোতে শিগগিরই বাংলাদেশ গেমসটা করা দরকার মনে করছে বিওএ। কারণ ঘরোয়া ক্রীড়ার এই বৃহত্তম আয়োজনটা সর্বশেষ হয়েছিল ২০০২ সালে। এটিকে মাঠে ফেরানোর উদ্যোগ অনেকবারই নেওয়া হয়েছিল। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করলেও পরিষদ টাকা দেয়নি।বেশ কয়েকবারই নিজেদের আর্থিক চাহিদা ক্রীড়া পরিষদকে জানিয়েছে বিওএ। কাল বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ জানিয়েছেন, অনেকবারই পরিষদকে বাজেট দেওয়া হয়েছে। সপ্তাহ দুই-তিনেক আগে ৬টি ইভেন্ট বাবদ সর্বশেষ দেওয়া হয়েছে ৬৭ কোটি টাকার বাজেট। এর মধ্যে বাংলাদেশ গেমসসহ সামনে বেশ কিছু ইভেন্টের প্রশিক্ষণ বাবদ ৪২ কোটি, অংশগ্রহণ খরচ বাকি ২৫ কোটি টাকা।বাংলাদেশ গেমসের জন্য ৮ কোটি, ইন্দো-বাংলা বাংলাদেশ গেমসের জন্য ৯ কোটি টাকা। সামনে আছে চীনে এশিয়ান বিচ গেমস এবং কলম্বোয় দক্ষিণ এশিয়ান বিচ গেমস। আছে আগামী বছর লন্ডন অলিম্পিকের প্রস্তুতি বাবদ খরচ। খোদ প্রধানমন্ত্রী সারা বছর প্রশিক্ষণ নেওয়ার ওপর একাধিকবার গুরুত্ব দিয়েছেন। কিন্তু এখন সারা বছর দূরে থাক, টাকার অভাবে সবকিছু থমকে আছে।ইন্দো-বাংলা গেমসের স্বাগতিক বাংলাদেশ। আগের সূচি অনুযায়ী এই বছরই গেমসটা হওয়ার কথা। কিন্তু এটি কবে হবে ঠিক নেই। ক্রীড়া পরিষদ যখন টাকা দেবে, তখনই বাক্স থেকে বেরোবে। এসএ গেমসে স্বাগতিক ভারত। কিন্তু এটিরও সময়সূচি ঠিক হয়নি। নিয়মানুযায়ী ২০১২ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা। কিন্তু এখন শোনা যাচ্ছে, আগামী বছরের ডিসেম্বরে চলে যেতে পারে।ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সভাপতি সুরেশ কালমাদি কমনওয়েলথ গেমসে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে এখন জেলে। আইওএ এবং ওসিএর (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) মহাসচিব রণধীর সিং অসুস্থ। তাই গত মাসে টোকিওতে ওসিএর সাধারণ সভার এক ফাঁকে এসএ গেমস-সংক্রান্ত নির্ধারিত সভাটাও হয়নি।বিওএ মহাসচিব তাই হতাশ। কাল বলছিলেন, ‘আমরা মাঠে নামতে প্রস্তুত। কিন্তু ক্রীড়া পরিষদ টাকা না দিলে বসে থাকা ছাড়া উপায় নেই। এখন সরকার যত তাড়াতাড়ি টাকা দেবে, তত তাড়াতাড়ি আমরা বাংলাদেশ গেমসসহ সব আয়োজনে নামতে পারব। টাকা দিলে তিন মাসের মধ্যেই বাংলাদেশ গেমসটা করা সম্ভব।’একদিকে সরকারের কাছে টাকা চায় বিওএ। আরেক দিকে সরকারকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। গত এসএ গেমসের বাজেট থেকে উদ্বৃত্ত সাড়ে আট কোটি টাকা সরকারকে ফেরত দেওয়ার সব প্রক্রিয়া শেষ করেছে বিওএ। বর্তমান অবস্থায় ক্রীড়া পরিষদ যদি এই সাড়ে আট কোটি টাকা বিওএকে খরচ করতে সবুজ সংকেত দেয়, তাহলে অন্তত বাংলাদেশ গেমসটা করে ফেলা যায়।কুতুবউদ্দিন আহমেদ সেই আশাতেই আছেন, ‘এই সাড়ে আট কোটি টাকা বিওএকে দিলে আমরা মাঠে নামতে পারি। তার পরও আমরা অলিম্পিকের ট্রেনিংয়ের আর্চারি ও শ্যুটিংকে এক কোটি টাকার ওপরে দিয়েছি।’হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলছেন, ‘বিওএর হাত-পা গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। আশা করি, দ্রুতই সমস্যার সমাধান হবে।