টাকা নেওয়ার কথা স্বীকার করলেন অভিযুক্ত ত্রয়ী
জুয়াড়ি মাজহার মাজেদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। তবে তাঁদের দাবি, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে স্পনসরশিপ চুক্তির অংশ হিসেবে তাঁরা এই টাকা নিয়েছেন। মাজেদ তাঁদের স্পনসরশিপ এজেন্ট হিসেবে কাজ করতেন এবং তিনি যে জুয়াড়ি, এটা তাঁরা জানতেন না বলে দাবি করেছেন এই তিন ক্রিকেটার।গতকাল শুক্রবার স্কটল্যান্ড ইয়ার্ডের জিজ্ঞাসাবাদে এসব কথা বলেন বাট, আমির ও আসিফ। পাকিস্তানের জিও টিভির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ কথা জানিয়েছে।পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইনজীবী তফাজ্জল রিজভি ক্রিকেটারদের দেওয়া এ বিবৃতির সত্যতা স্বীকার করে বলেছেন, ‘ক্রিকেটাররা পরিষ্কার জানিয়েছেন যে স্পট ফিক্সিং, নো-বল করা ইত্যাদির জন্য তাঁরা টাকা নেননি। বিভিন্ন স্পন্সরশিপের লিখিত দলিলপত্রও তাঁরা পুলিশকে দেখিয়েছেন।’স্পট ফিক্সিংয়ের এই অভিযোগের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন রিজভি। তিনি বলেছেন, ‘স্পন্সরশিপ এজেন্ট খেলোয়াড়েরা তাঁদের নিজেদের পছন্দমতো নির্বাচন করেন। ক্রিকেট বোর্ডের এতে কোনো কিছু করার নেই।’