
জিকা ভাইরাস। মশার মাধ্যমে সংক্রমিত হওয়া এই পরজীবী কী ঝামেলাতেই না ফেলল সবাইকে! অলিম্পিকের মতো ক্রীড়া উৎসবেও অংশ নিতে চাইছেন না অনেকে। গলফ ও টেনিসের অনেক তারকাই সরে দাঁড়িয়েছেন রিও অলিম্পিক থেকে। কারণ, সেধে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে চান না তাঁরা।
তবে অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি কার্লোস নুজম্যানের চোখে এসব ফালতু অজুহাত। আসলে কোনো প্রাইজমানি পাওয়া যায় না বলেই অলিম্পিকে আসছেন না গলফার ও টেনিস তারকারা। এমন অভিযোগ ভালোভাবে নেননি গলফাররা। অলিম্পিক থেকে সরে দাঁড়ানো বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জেসন ডে বলেই দিলেন, ‘আমাদের টাকার অভাব নেই। কথাটা খারাপভাবে নেবেন না, আমরা এ কারণে খেলছি না, এটি সত্য নয়। আমরা তো প্রেসিডেন্টস কাপ খেলি, সেখানেও কোনো প্রাইজমানি নেই। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কী বোঝাতে চাচ্ছি।’
১১২ বছর পর অলিম্পিকে অন্তর্ভুক্ত হলো গলফ। অলিম্পিকের সোনার মেডেলের মোহ এই অস্ট্রেলিয়ান গলফারেরও আছে, ‘আপনি সেখানে (রিও) যাচ্ছেন সোনা জেতার আশায়। একজন অ্যাথলেটের কাছে সম্ভবত সবচেয়ে বড় গৌরবেরই একটি প্রাপ্তি। এটা যদি টোকিও (২০২০ অলিম্পিকের ভেন্যু) হতো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হতাম।’ তাঁর স্বদেশি অ্যাডাম স্কটের কণ্ঠেও অভিন্ন সুর, ‘আমি জানি না কোত্থেকে তাঁর(নুজম্যান) এমন ধারণা হলো, কিন্তু এটি অনুমাননির্ভর। এটা খুবই ভয়ংকর। জীবনে আমার কাছে কী প্রাধান্য পাচ্ছে, তা থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমি।’
তবে আন্তর্জাতিক গলফ ফেডারেশনের সভাপতি পিটার ডসনের মনে হচ্ছে জিকা ভাইরাস নিয়ে একটু বেশিই প্রতিক্রিয়া দেখাচ্ছেন গলফাররা। শীর্ষ চার গলফার ছাড়াও অনেক বড় তারকাই যাচ্ছেন না রিওতে। ফলে ২০২০ টোকিও অলিম্পিকের পর অলিম্পিকে গলফ নাও থাকতে পারে। আইওসিতে ভোটাভুটির মাধ্যমেই ঠিক হবে গলফের অলিম্পিক ভবিষ্যৎ।
আফ্রিকা থেকে ছড়ালেও জিকা ভাইরাস প্রথম মহামারির রূপ নিয়েছে গত বছর, ব্রাজিলে। রিওতে অলিম্পিক হবে কি না এ নিয়েই তাই প্রশ্ন উঠে গিয়েছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে, অলিম্পিকে এই রোগের সংক্রমণ বাড়তি কোনো প্রভাব ফেলবে না। কিন্তু তারপরও অ্যাথলেটদের শঙ্কা কাটেনি। ভাইরাসে আক্রান্ত মায়ের সন্তানদের জন্মগত অনেক ত্রুটি দেখা দেয়। সে জন্যই অনেক নারী অ্যাথলেট নাম প্রত্যাহার করে নিয়েছেন অলিম্পিক থেকে। টেনিসের ভিক্টোরিয়া আজেরেঙ্কা ও সিমোনা হালেপ এঁদের মধ্যে অন্যতম। টমাস বার্ডিচের মতো অনেক পুরুষ অ্যাথলেটও তাঁদের পথে হেঁটেছেন, কারণ যৌন সম্পর্কের মাধ্যমেও এই রোগ সংক্রমিত হয়। রয়টার্স।