স্বপ্নপূরণের জন্য সময় বেশি হাতে নেই। আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড খেলবে বাংলাদেশ। স্বাগতিক ভারত তো থাকছেই, সম্ভাব্য অন্য দুই প্রতিপক্ষ ওমান ও ফিজি। অন্তত গ্রুপ রানার্সআপ হয়ে তৃতীয় রাউন্ডে যাওয়ার সুবর্ণ সুযোগ দুয়ারে। এই রাউন্ডে খেলবে বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা আটটি দল। সিঙ্গাপুর বিজয়ী কোচ মাহবুব হারুনের চাওয়া অনুযায়ী নভেম্বরে প্রস্তুতি শুরু হলেও চলবে। ফেডারেশন বরং প্রস্তুতি শুরু করতে চায় আগামী মাসে। কিন্তু কোচ নিয়োগ নিয়ে খুব বেশি সক্রিয় মনে হচ্ছে না ফেডারেশনকে। সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ডে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে ২ সেপ্টেম্বর। দ্বিতীয় রাউন্ডের গুরুত্ব বিবেচনায় দ্রুতই কোচ ঠিক করা সময়ের দাবি। কিন্তু বাংলাদেশে টুর্নামেন্টের কয়েক দিন আগে কারও হাতে দলটা গছিয়ে দেওয়ার ঐতিহ্য আছে। এই ফেডারেশনও কি সেই পথে হাঁটছে? ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলছেন, ‘কোচ নিয়োগ দিতে “জিবির মিটিং” লাগবে।’ জিবি মানে গভর্নিং বডি (নির্বাহী কমিটি)। হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারী তাঁর সময়ে যেকোনো বিষয়ের সমাধান প্রশ্নে সব সময়ই বলতেন, ‘জিবির মিটিং লাগবে।’ বাস্তবতা হলো—জিবির সেই সভা কখনো কখনো ছয় মাসেও হতো না! রহমতউল্লাহও শামসুল বারীর মতো বলা শুরু করেছেন, ‘দেখি, আমরা জিবির মিটিং ডাকব।’ সেই সভার তারিখ ঠিক হয়নি। হতে পারে নাকি আগামী মাসে! যেখানে সব ঠিক করে দ্রুত কাজে নামা দরকার, সেখানে ফেডারেশনের সভা ডাকতেই সেই চিরন্তন দীর্ঘসূত্রতা। তবে দলের প্রস্তুতির জন্য রহমতউল্লাহ কিছু পরিকল্পনা করে রেখেছেন, ‘অক্টোবরে ক্যাম্প শুরু করে নভেম্বরে ভারতে দুটি টুর্নামেন্টে জাতীয় দলকে পাঠাব। টুর্নামেন্ট শুরুর দিন পনেরো আগে প্রস্তুতি ম্যাচ খেলতে দল দিল্লি পাঠানোর পরিকল্পনা আছে।’ গুরুত্বপূর্ণ প্রশ্ন—সাড়ে চার মাসে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতল বাংলাদেশ। অথচ এই দলের কোনো ফিজিও-ট্রেনার নেই! এবার কি তা পাওয়া যাবে? রহমতউল্লাহ উত্তর, ‘সে রকম ফিজিও আছে কি না বাংলাদেশে দেখতে হবে’—বলার পর অবশ্য যোগ করলেন, ‘অবশ্যই এবার আমরা একজন ফিজিও নিতে চাই।’ ট্রেনারের ব্যাপারে অবশ্য পরিষ্কার কিছু বলেননি, ‘দেখি এটাও মাথায় আছে।’আর ভিডিও বিশ্লেষক? এটিও জরুরি চাহিদা। ফেডারেশনের সম্পাদক বলছেন, ‘এবার আমরা একটি ভিডিও ক্যামেরা কিনব। সিঙ্গাপুরে আর্থিক সংকটে ১৬ জন খেলোয়াড় নিয়েছিলাম, দিল্লিতে নেব ১৮ জন। অতিরিক্ত দুই খেলোয়াড়কে ভিডিও করার দায়িত্ব দিতে পারি। প্রয়োজনে কর্মকর্তারা সাহায্য করবে।’বলতে বলতে অসহায় শোনায় রহমতউল্লাহর কণ্ঠ, ‘স্পনসর পাওয়ার ওপরই নির্ভর করছে সবকিছু। টাকাই মূল সমস্যা। সিঙ্গাপুর সফরে পৃষ্ঠপোষক ইউসিবির কাছে ৩০ লাখ টাকা চেয়ে ফেডারেশন পেয়েছে ১৫ লাখ। তাই কাটছাঁট হয়েছে অনেক কিছু। এবার ৪০-৪৫ লাখ টাকা বাজেট। কী হবে জানি না।’দেশে এত টাকা খরচ হচ্ছে। হকির এগিয়ে যাওয়ার এ সময়টায় কোনো পৃষ্ঠপোষক কি এগিয়ে আসতে পারে না? সরকারও চুপ করে থাকবে?