টাকাটা অন্তত ফেরত চান বীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৪ মার্চ মোহাম্মদ আসিফের বিয়ে হয়ে গেল লাহোরে। অনেক ধুমধাম হলো, আনন্দ হলো। যে মেয়েটিকে আসিফ বিয়ে করলেন তাঁর নাম সানা হিলাল, ওরফে হিনা। টিভি অভিনেত্রী বীনা মালিকের আসল নাম কি তাহলে সানা হিলাল! অনেকের মনেই সংশয় জাগল। বীনাকেই তো বিয়ে করার কথা ছিল তাঁর! এর আগে জানা গিয়েছিল, গত বছর ২৮ মে লন্ডনে আসিফ বীনাকে বিয়ে করে ফেলেছেন অনেকটা নিভৃতেই। পরে কোনো এক সময়ে লাহোরে পারিবারিকভাবে হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। না, এই বিয়ের মধ্যেও একটা বিতর্কের বীজ বুনে দিয়েছেন পাকিস্তানের বিতর্কিত পেসার। বীনাকে বিয়ে করেননি তিনি। পরিবারের পছন্দে হিনা নামের যে মেয়েটিকে বিয়ে করেছেন, তিনি আসলেই আলাদা। বীনাই মুখ খুলেছেন। তাঁর বুকে ‘ব্যথা’, কণ্ঠে ক্ষোভ। আসিফের কাছে ৩ লাখ রুপি দাবি করেছেন এই টিভি অভিনেত্রী। ওই টাকা ফেরত না দিলে আসিফকে আদালতে তুলবেন বলে হুমকিও দিয়েছেন, ‘আমি তাকে আদালতে তুলতে দ্বিধা করব না।’কেন টাকা দাবি করলেন সেটাও বলেছেন বীনা, ‘যখন সে ক্রিকেটে নিষিদ্ধ ছিল এবং কেউ তার পাশে ছিল না, আমিই তাঁর পাশে দাঁড়াই। তাকে ৩ লাখ রুপি দিই, পরিস্থিতির উন্নতি হলে সে টাকাটা ফেরত দেবে বলে জানায়। এখন সে ভালো অবস্থায় আছে, কিন্তু টাকা ফেরত দিয়ে প্রতিশ্রুতি পূরণ করতে গড়িমসি করছে। এটা আমার বহু কষ্টে আয় করা টাকা।’ আসিফ কিন্তু এই টাকার ব্যাপারটা অস্বীকার করছেন, ‘সে আমাকে অনেক সাহায্য করেছে ঠিকই, কিন্তু টাকার ব্যাপারটা ঠিক নয়।’ ওয়েবসাইট।