টাকার অভাবেই...
কথায় আছে, অভাবে স্বভাব নষ্ট। যেসব ক্রিকেটার ম্যাচ পাতানোর মতো অপরাধে জড়িয়ে পড়েন, তাঁদের অনেককে নাকি অভাবই বাধ্য করে ও পথে পা বাড়াতে। এই মন্তব্য শোয়েব আখতারের। পাকিস্তানের সাবেক গতিতারকার দাবি, ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটাররা যথেষ্ট বেতন পান না বলেই অনৈতিক পথে আকৃষ্ট হন। ‘আমাদের সংস্কৃতিতে ম্যাচ পাতানোর বীজ আছে, কারণ এখানে টাকা অনেক কম। সুযোগ আরও কম। বোর্ডগুলো ক্রিকেটারদের খুব সামান্যই অর্থ দিচ্ছে। ক্রিকেটাররা এরই শিকার’—সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে এই বোমা ফাটিয়েছেন শোয়েব। ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা শোয়েব ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেও নাকি একটা গাড়ি কেনার টাকা জমাতে পারেননি, ‘২০০৮ সালে একটা গাড়ি কেনার টাকাও ছিল না আমার। একজন বন্ধুর কাছে টাকা ধার করে কিনতে হয়েছিল। আমি সেটা সামলে নিয়েছিলাম। কিন্তু সবাই পারে না। অনেকে ভুল পথে চলে যায়। বন্ধুরা যদি আপনাকে ছেড়ে যায়, বোর্ডও পাশে দাঁড়াবে না। ওরা বরং হতাশই করবে। ফলে প্রত্যাখ্যাত হলে আপনি ভাববেন, “বেশ, আমিও তাহলে ওদের একটা শিক্ষা দিই।” কেউ কেউ আসলেই দুর্নীতিগ্রস্ত, কিন্তু অনেকেই আছেন যাঁরা পরিস্থিতির শিকার হয়ে অপরাধ করেন।’ আইপিএলের টাকার ঝনঝনানি যখন শুরু হয়নি, তখন ক্রিকেট খেলেছেন। তা ছাড়া ভারতের মতো সব দেশের ক্রিকেটাররা এত বেশি আয়ও করে না। শোয়েবের কথা, ‘আমরা (পাকিস্তানি ক্রিকেটারা) ক্রিকেট থেকে খুব বেশি টাকা পাই না। আমি তো আর ভারতের হয়ে খেলিনি। অথচ বিশ্বের সেরা তারকাদের একজন হয়েও ১৪ বছর ধরে ক্রিকেট খেলে মাত্র সাত-আট কোটি রুপি আয় করেছি।’ এএফপি।