টাকার উৎস জানালেন বাট
স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরপরই সালমান বাটের হোটেলের কক্ষ তল্লাশি করে বেশ কিছু অর্থ পেয়েছিল ব্রিটিশ পুলিশ। অনেক পত্রিকা টাকার পরিমাণ ১৫ হাজার পাউন্ড বলে জানিয়েছিল। এমন গুঞ্জনও শোনা গিয়েছিল, এই টাকা পাকিস্তানের তখনকার অধিনায়ক নিয়েছিলেন মাজহার মাজিদের কাছ থেকে, নির্দিষ্ট সময় স্বেচ্ছায় নো বল করানোর জন্য।এত দিন পর বাট দাবি করছেন, ওই টাকা তিনি পেয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে; সিরিজ চলার সময় দৈনিক ভাতা বাবদ। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বাট বলেছেন, ‘আমার ধারণা, সবাই এটা জানেন যে সফরের সময় পিসিবি আমাদের ভাতা দেয়।’ টাকার অঙ্কটা বেশি হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন বাট, ‘ওই সময় আমরা লম্বা সময়ের জন্য ইংল্যান্ড সফরে গিয়েছিলাম। ওই টাকার মধ্যে ১১ হাজার পাউন্ড ছিল আমার দৈনিক ভাতা থেকে পাওয়া। অধিনায়ক হিসেবে বিনোদন ভাতা বাবদ আমি আরও ৪ হাজার ৫০০ পাউন্ড বেশি পেয়েছিলাম। ওই টাকাটাই আমার সঙ্গে ছিল।’স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত বাট আর তাঁর দুই সতীর্থ মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে আছেন। আগামী মাসের শুরুতে আইসিসির ট্রাইব্যুনাল এ ব্যাপারে চূড়ান্ত রায় দেবে।এদিকে বাটের আইনজীবীরা ট্রাইব্যুনালের কাছে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতের বিরুদ্ধে প্রতিবাদপত্র পাঠাতে যাচ্ছে। কদিন আগে লরগাত বলেছিলেন, নিষিদ্ধ ত্রয়ীর অপরাধ প্রমাণে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ জোগাড় করেছে আইসিসি। বিচারাধীন কোনো বিষয় নিয়ে এভাবে মন্তব্য করাটা ঠিক হয়নি বলে মনে করছেন বাটের আইনজীবীরা। এএফপি, ওয়েবসাইট।