টাকার দাবির মুখে বাতিল সিসিডিএমের সভা
নতুন গ্রেডিং পদ্ধতির প্রিমিয়ার লিগের বাইলজ নিয়ে আলোচনার কথা ছিল সভায়। কিন্তু সভা শুরুর আগেই উপস্থিত ক্লাব প্রতিনিধিদের আলোচনায় চলে এল অন্য একটা প্রসঙ্গ। বিসিবির সভাপতি ক্লাবগুলোকে যে বাড়তি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, আগে সেটার বাস্তবায়ন চান তাঁরা। এই পরিস্থিতিতে কাল সভাই বাতিল করে দিতে বাধ্য হলেন সিসিডিএমের সিনিয়র সহসভাপতি হানিফ ভুঁইয়া। সিসিডিএমের চেয়ারম্যান জালাল ইউনুস বেশ কয়েক দিন যাবৎ ফ্লুতে আক্রান্ত। কালকের সভায় যোগ দিতে তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে যাননি তিনি। কিন্তু তাঁর অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করতে এসে বিব্রতকর অবস্থায় পড়েন সিসিডিএমের সিনিয়র সহসভাপতি।
টেলিফোনে হানিফ ভুঁইয়া বললেন, ‘প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের মধ্যে ছয়টির প্রতিনিধি এসেছিলেন সভায়। তার পরও আমি সভা শুরু করতাম। কিন্তু শুরুর আগেই ক্লাব প্রতিনিধিরা দাবি তুললেন, বিসিবি সভাপতি যে অনুদানের কথা বলেছেন, সেটা খেলোয়াড়দের লটারির আগে দিতে হবে। তাঁরা জানতে চান, এই টাকা কবে পাবেন। আমি ভাবলাম, বাইলজ বাদ দিয়ে যখন টাকাটাই সবার কাছে বড় হয়ে উঠেছে, তখন আর এ সভা করে লাভ নেই। তাই সভা বাতিল করে দিয়েছি।’ সভায় যোগ দিতে উপস্থিত কলাবাগান প্রতিনিধি রিয়াজ আহমেদ অবশ্য বলেছেন, টাকাপয়সা নিয়ে আলোচনাটা অনানুষ্ঠানিক ছিল। সভা না হওয়ার কারণ ছয়টি ক্লাবের অনুপস্থিতি, ‘মাত্র ছয়টি ক্লাবের প্রতিনিধি এসেছিলেন। সবাই না আসায় আসলে সভাটা হয়নি। টাকাপয়সা নিয়ে দাবির কারণে নয়।’ তবে বিসিবির সভাপতির প্রতিশ্রুতি রক্ষার দাবি যে ক্লাব প্রতিনিধিদের মুখে ছিল, সেটা স্বীকার করেছেন তিনি, ‘সভার আগে এ নিয়ে কথা হচ্ছিল। সভাপতি বলেছিলেন খেলোয়াড়দের গ্রেডিংসহ অন্যান্য বিষয় নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবেন। অথচ এখন পর্যন্ত সেটা হয়নি।’
আবাহনী, কলাবাগান, ব্রাদার্স, প্রাইম ব্যাংক, ভিক্টোরিয়া ও খেলাঘরের প্রতিনিধিরা সিসিডিএমের সভায় যোগ দিতে এলেও আসেনি মোহামেডান, গাজী ট্যাংক, শেখ জামাল ধানমন্ডি, সিসিএস, প্রাইম দোলেশ্বর, কলাবাগান ক্রিকেট একাডেমির কোনো প্রতিনিধি।