টাকার সন্ধানে সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী আগস্টে ঢাকায় আসতে চেয়েছে বার্সেলোনা। গত মঙ্গলবার বার্সেলোনা থেকে সরাসরি এই প্রস্তাব পান কাজী সালাউদ্দিন। ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটাই বলেননি বাফুফে সভাপতি। তবে দ্রুতই সিদ্ধান্ত জানাতে হবে। কী হবে সেই সিদ্ধান্ত, তার জন্য অপেক্ষা করতে হচ্ছে। টাকা সংগ্রহ করতে পারলে এই সফর আয়োজনের পক্ষে সালাউদ্দিন। কাজেও নেমে পড়েছেন। নিজেই জানালেন, ‘আজই (গতকাল) আমি সালমান ভাইয়ের (বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান) সঙ্গে দেখা করেছি। বার্সেলোনার ঢাকায় আসার আগ্রহের ব্যাপারটা তাঁকে জানিয়েছি। দেখা যাক কী হয়।’২০১১ সালের সেপ্টেম্বরে মেসির আর্জেন্টিনার ঢাকা সফরের পৃষ্ঠপোষকতা করেছিল বেক্সিমকো। এবার বার্সেলোনাকে আনতেও বেক্সিমকোকে পাশে চান সালাউদ্দিন। পাশাপাশি বিভিন্নভাবে টাকা সংগ্রহের চিন্তা করছেন। ‘বার্সেলোনা এলে ৫০ কোটি টাকার মতো খরচ হবে। ওরা নিজেরা চেয়েছে তিন মিলিয়ন ইউরো (প্রায় ৩৩ কোটি টাকা)। প্রতিপক্ষ হিসেবে অন্য একটা ভালো দল আনতে হবে। ওই দলের জন্যও বড় অঙ্কের খরচ আছে। সব মিলিয়ে বিরাট এক আর্থিক ধাক্কা এটা’—কাল বলেছেন সালাউদ্দিন। একই সঙ্গে তিনি খুশি এই ভেবে, ‘মেসিরা খেলে যাওয়ায় বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন আন্তর্জাতিকভাবে সবার পছন্দের একটা ভেন্যু। এটা বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় পাওনা। সবচেয়ে বড় কথা, বার্সেলোনাকে আমরা দাওয়াত দিতে যাইনি, ওরা নিজেরাই আসতে আগ্রহ প্রকাশ করেছে আমাদের সম্পর্কে ইতিবাচক ধারণা পেয়েই।’