টাঙ্গাইলকে বিজেএমসির বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে ফুটবল অঙ্গনকে নতুন করে আশান্বিত করেছিল বিজেএমসি। পেশাদার লিগে ঢাকার বাইরে ভেন্যু করেছিল তারা টাঙ্গাইলে। কিন্তু এক মৌসুম শেষেই অপমৃত্যু ঘটল টাঙ্গাইল ভেন্যুর। বিজেএমসি আসন্ন মৌসুমে টাঙ্গাইলকে আর ভেন্যু করছে না। কাল এই দুঃসংবাদটা দিলেন বিজেএমসির পরিচালক আরিফ খান (জয়)। তিনি আবার বাফুফের সহসভাপতিও। সেদিক থেকে ঢাকার বাইরে ভেন্যু নেওয়ার একটা দায়িত্ব তাঁর ওপরও বর্তায়। বাফুফের নির্বাহী কমিটিতে আসার আগে যে প্রশংসনীয় কাজটা করেছেন, বিজেএমসির নির্বাহী কমিটিতে এসে কেন তা থেকে সরে গেলেন? জাতীয় দলের সাবেক অধিনায়কের কথা, ‘আমরা টাঙ্গাইলে ভেন্যু নিয়েছিলাম ফুটবল বিকেন্দ্রীকরণের লক্ষ্য সামনে নিয়ে। কিন্তু টাঙ্গাইলে আমরা যতটা সহযোগিতা আশা করেছিলাম তা পাইনি। ঢাকা থেকে ওখানে গিয়ে ভেন্যু করতে অনেক সমস্যা পোহাতে হয়েছে। তা ছাড়া এখন স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে। কাজেই সংস্কারের মধ্যে টাঙ্গাইল গিয়ে খেলা সম্ভব নয়।’ শেষ পর্যন্ত ঢাকার অন্য দলগুলোর মতো বিজেএমসির ভেন্যু হচ্ছে সবেধন নীলমণি বঙ্গবন্ধু স্টেডিয়াম। আরিফ খান সেটিই জানালেন, ‘আমরা আর কোথায় যাব। সবার মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামই হবে আমাদের হোম ভেন্যু।’ এ মৌসুমে পেশাদার লিগে খেলছে দশটি দল। তার মধ্যে ঢাকার বাইরের দল ফেনী সকার ও কক্সসিটি। এই দুটি দলের ভেন্যু ফেনী-কক্সবাজারই থাকছে। ঢাকার দলগুলো ঢাকার বাইরে ভেন্যু করলে সন্দেহাতীতভাবেই ফুটবলটা একটু ছড়াত। এ বিষয়ে দলগুলোকে উদ্বুদ্ধ করতে বাফুফে খুব একটা তৎপর নয়। কোনো দিকনির্দেশনাও নেই বাফুফের। যে কারণে চট্টগ্রাম, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ, নরসিংদীর মতো হারিয়ে গেল টাঙ্গাইল ভেন্যুও।