টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

‘গরুর গাড়ির দুই চাকা গুরগুরাইয়া চলে।’ গানটা কার জানি না। তবে সেই গানের কলি এক বিশেষ মুহূর্তে শুনছিলাম আমি আমার সাড়ে তিন বছরের নাতনির মুখে ২০০৯ সালে, যা এখনো যেকোনো অবসর সময়ে মনে পড়লে আমার নাতনির জন্য মনটা হু হু করে ওঠে।
সেদিন ২০০৯ সালের ৫ জুলাই। আমার বড় ছেলে বৃত্তি নিয়ে পিএইচডি করতে সপরিবারে (সপরিবার বলতে ওর স্ত্রী আর একমাত্র মেয়ে) অস্ট্রেলিয়া যাবে। আমরা সবাই গেছি ওদের ঢাকা বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিতে। আমরা সবাই গাড়িতে বসলাম, গাড়ি স্টার্ট করল। সবার মন খারাপ। কারণ, অনেক দূরদেশের যাত্রা। ঠিকঠাকমতো পৌঁছাবে তো, এই টেনশন আমার মনের মধ্যে।
এদিকে আমার নাতনি যাকে আমি ‘দাদু’ ডাকি, হঠাৎ করে গাড়িতে বসে আপন মনে স্পষ্ট গলায় গেয়ে উঠল ‘গরুর গাড়ির চার চাকা গুরগুরাইয়া চলে।’ দাদুর সে কী আনন্দ।
সেদিন দাদু হয়তো ভাবছিল সবাইকে সঙ্গে নিয়ে বিদেশ যাচ্ছে। এই কারণে ওর এত আনন্দ। যাহোক, আমরা যথাসময়ে বিমানবন্দরে পৌঁছালাম। গাড়ি থেকে নেমেও দাদুর সে কী খুশি। এদিক-ওদিক দৌড়াচ্ছে। আর শেষে যখন দাদু ওর মা-বাবার সঙ্গে কাচঘরের ভেতরে ঢুকে গেল, তখন দাদু দেখল যে আমরা আর কেউ কাচঘরে ঢুকছি না। ওর মা-বাবা কাগজপত্র দেখাতে ব্যস্ত। আমরা সবাই কাচের দেয়ালের বাইরে দাঁড়িয়ে আছি। দাদু আমাদের দিকে তাকিয়ে হাতের ইশারায় আমাদের ডাকছে। দাদুর অবুঝ মনের ব্যাকুলতা দেখে চোখ ঝাপসা হয়ে আসছিল। সবশেষে দাদুকে ছাড়া আমরা আবার ফিরে এলাম। আসতে আসতে শুধু মাথায় ঘুরছিল দাদুর গানের কলি। গরুর গাড়ির দুই চাকা...

গুলনাহার বেগম, চট্টগ্রাম